দুই দিনে পৃথিবীর দিকে — দুই দিনে পৃথিবীর কাছ দিয়ে উড়ে যাচ্ছে পাঁচটি গ্রহাণু। এর মধ্যে চারটি গ্রহাণু ১৯ নভেম্বর এবং একটি ২০ নভেম্বর পৃথিবীর পাশ দিয়ে অতিক্রম করবে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, এসব গ্রহাণু পৃথিবী থেকে নিরাপদ দূরত্বে থাকবে এবং কোনো ক্ষতি করবে না।
নাসার মতে, এই পাঁচটি গ্রহাণু সম্ভাব্য বিপজ্জনক গ্রহাণুর শ্রেণিতে পড়ে। কারণ, এগুলোর কক্ষপথ পৃথিবীর জন্য নির্ধারিত বিপজ্জনক ন্যূনতম দূরত্বের মধ্যে রয়েছে।
নাসার তথ্য অনুযায়ী, ১৯ নভেম্বর পৃথিবীর সবচেয়ে কাছ দিয়ে অতিক্রম করা প্রথম গ্রহাণুর নাম ২০২৬ ভিএ১১। এর ব্যাস প্রায় ৪০ ফুট এবং এটি পৃথিবী থেকে ৩৩ লাখ ৫০ হাজার কিলোমিটার দূরে ছিল।
দ্বিতীয় গ্রহাণু ২০২৬ টিবি৮৪, যার ব্যাস প্রায় ২১০ ফুট। এটি একটি উড়োজাহাজের আকারের কাছাকাছি এবং পৃথিবীর সবচেয়ে কাছ দিয়ে যাওয়ার সময় এর দূরত্ব ছিল ৪৬ লাখ ৫০ হাজার কিলোমিটার।
তৃতীয় গ্রহাণু ২০০৭ ডব্লিউকে৩-এর ব্যাস প্রায় ৬৪ ফুট। এটি পৃথিবী থেকে ৫৪ লাখ ৭০ হাজার কিলোমিটার দূর দিয়ে অতিক্রম করে। ১৯ নভেম্বর পৃথিবীর কাছ দিয়ে যাওয়া চতুর্থ গ্রহাণুর নাম ২০১৮ এনই১, যার আকার প্রায় ২৩০ ফুট এবং এটি ৬৩ লাখ ৯০ হাজার কিলোমিটার দূরে ছিল।
পঞ্চম গ্রহাণু ২০২৬ ভিডি৬, যা ২০ নভেম্বর পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসবে। সে সময় পৃথিবী থেকে এর দূরত্ব থাকবে প্রায় ৪০ লাখ ২০ হাজার কিলোমিটার।
নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির অধীনে সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট স্টাডিজ (সিএনইওএস) পৃথিবীর কাছাকাছি থাকা গ্রহাণু ও ধূমকেতু পর্যবেক্ষণ করে। সংস্থাটি এসব মহাজাগতিক বস্তুর কক্ষপথ, আকার, দূরত্ব ও গতি বিশ্লেষণ করে এবং পৃথিবীর কাছ দিয়ে তাদের অতিক্রমের বিষয়টি মূল্যায়ন করে।
নাসার সংজ্ঞা অনুযায়ী, সূর্য থেকে ১৯ কোটি ৫০ লাখ কিলোমিটারের মধ্যে কক্ষপথ রয়েছে এমন গ্রহাণু ও ধূমকেতুকে পৃথিবীর কাছাকাছি মহাজাগতিক বস্তু হিসেবে বিবেচনা করা হয়। এসব বস্তুর কক্ষপথ পৃথিবীর কক্ষপথের কাছাকাছি আসতে পারে।
সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় এসব মহাজাগতিক বস্তুর গতিবিধির ওপর নজর রাখা জরুরি। তবে পর্যবেক্ষণ ও প্রস্তুতি থাকা সত্ত্বেও কখনও কখনও কোনো গ্রহাণু সম্পর্কে আগাম সতর্কবার্তা পাওয়ার আগেই তা পৃথিবীতে আঘাত হানতে পারে।
অনলাইন ডেক্স 
























