এনসিপির উদ্বেগ গ্রামীণ ব্যাংকে — জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশের বিভিন্ন স্থানে সংঘটিত অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যা, থানায় অগ্নিসংযোগ এবং সংসদ সদস্যদের বাড়িতে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এনসিপি অভিযোগ করেছে যে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এসব ঘটনার সঙ্গে জড়িত।
বুধবার (১৮ নভেম্বর) দলের দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, 'জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার কাছে পরাজিত হয়ে আওয়ামী লীগ এখন দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে।' এনসিপি দাবি করেছে যে, এই সন্ত্রাসী কার্যক্রমের পরিকল্পনা ও অর্থায়ন ভারতে অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দ্বারা পরিচালিত হচ্ছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, গ্রামীণ ব্যাংকও সন্ত্রাসীদের হামলার শিকার হচ্ছে। প্রতিষ্ঠানটির অন্তত ৩৭ শাখায় হামলা চালানোর মাধ্যমে দেশের অর্থনীতি ও আন্তর্জাতিক ভাবমূর্তিকে ক্ষুণ্ন করার ষড়যন্ত্র চলছে। এনসিপি জানায়, দরিদ্র নারীদের ক্ষুদ্রঋণ প্রদানকারী এই ব্যাংক বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সম্পদ।
এনসিপি আরও বলেছে, এই হামলার ফলে দেশের দরিদ্র পরিবারগুলো সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি, বৈশ্বিক দাতা সংস্থা ও বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর কাছে বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নেই- এমন বার্তা যাচ্ছে।
বিবৃতিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। চলমান সন্ত্রাস ও নাশকতা কঠোরভাবে দমন করে জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে হবে।
এনসিপি দাবি করেছে, বিদেশে বসে যারা বাংলাদেশের বিরুদ্ধে সন্ত্রাস পরিচালনা করছে, তাদের বিরুদ্ধে কূটনৈতিক ও আইনগত পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি, মাঠ পর্যায়ের নাশকতাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, জাতীয় সংসদের সরকারি ও বিরোধী দলের অন্তত দুইজন সংসদ সদস্যের বাড়ি হামলার শিকার হয়েছে। এনসিপি বলছে, এই সন্ত্রাসী কর্মকাণ্ড জাতীয় সংসদ ও বাংলাদেশের সার্বভৌম অস্তিত্বকে অস্বীকার করে সংঘটিত হচ্ছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আইনানুগ পন্থায় দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সন্ত্রাসবাদ প্রতিরোধে নির্বাচিত সরকারকে আহ্বান জানিয়েছে।
অনলাইন ডেক্স 





















