সার্কেল গেমিং এরিনায় ২৫ — রবি আজিয়াটা পিএলসি’র ব্র্যান্ড ‘সার্কেল’ দেশের তরুণ গেমিংপ্রেমীদের জন্য বৃহৎ পরিসরের ই-স্পোর্টস টুর্নামেন্ট ‘সার্কেল গেমিং এরিনা’ ঘোষণা করেছে। এই টুর্নামেন্টে বিজয়ীদের জন্য মোট ২৫ লাখ টাকার পুরস্কার রাখা হয়েছে।
আজ বুধবার, ১৮ নভেম্বর, রাজধানীর রবি আজিয়াটা পিএলসি’র কর্পোরেট অফিসে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টটির ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা, চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ এবং হেড অব সার্কেল মার্কেটিং মুহাম্মদ আব্দুল হাইসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় দুটি জনপ্রিয় গেম, পাবজি মোবাইল এবং ই-ফুটবল অন্তর্ভুক্ত থাকবে। পাবজি মোবাইলের জন্য ২০ লাখ এবং ই-ফুটবলের জন্য ৫ লাখ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে। অংশগ্রহণের জন্য নিবন্ধন শুরু হয়েছে ‘মাই সার্কেল অ্যাপ’-এর মাধ্যমে। প্রতিটি অংশগ্রহণকারী দলের অন্তত একজন সদস্যের একটি সার্কেল নম্বর থাকতে হবে।
সার্কেল গেমিং এরিনা আগের সিজনের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশের ই-স্পোর্টস ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে। পূর্ববর্তী সংস্করণে ২ হাজার ৫শ’-এরও বেশি গেমার অংশগ্রহণ করেছিলেন এবং গ্র্যান্ড ফাইনালের লাইভস্ট্রিম ইউটিউবের পাবজি মোবাইল ক্যাটাগরিতে বিশ্বব্যাপী প্রথম স্থান অর্জন করেছিল, যেখানে ৭ লাখেরও বেশি লাইভ দর্শক উপস্থিত ছিলেন।
এছাড়া, টুর্নামেন্ট-সংশ্লিষ্ট কনটেন্টগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ৫ কোটিরও বেশি ভিউ অর্জন করেছে। সার্কেল দীর্ঘদিন ধরে মোবাইল ম্যানিয়া, নেক্সট লেভেল গেমিং পডকাস্ট, এ ওয়ান ই-স্পোর্টসসহ ৮০টিরও বেশি গেমিং সেবা, ডেডিকেটেড গেমিং ডেটা প্যাক এবং সার্কেল ব্যালেন্সের মাধ্যমে ইন-গেম পারচেজ সুবিধার মতো উদ্যোগগুলো গ্রহণ করে গেমিং কমিউনিটিকে সক্রিয়ভাবে সহায়তা করে আসছে।
রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, “বাংলাদেশের তরুণদের কাছে গেমিং এখন ক্যারিয়ার গঠন এবং বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জনের একটি বাস্তব মাধ্যমে পরিণত হয়েছে। এ কারণেই গেমাররা সার্কেলের মূল মনোযোগের কেন্দ্রে রয়েছেন। সার্কেল গেমিং এরিনার মাধ্যমে আমরা এই প্রতিভাবানদের জন্য আরও বড় একটি মঞ্চ তৈরি করে দিচ্ছি।”
নিবন্ধনের জন্য অংশগ্রহণকারীরা ‘মাই সার্কেল অ্যাপ’ ওপেন করে ‘সার্কেল গেমিং এরিনা’ ব্যানারটি নির্বাচন করে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারবেন। পছন্দের গেমিং ক্যাটাগরি নির্বাচন এবং দলের প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার পর, ইমেইলের মাধ্যমে সার্কেল ডিসকর্ড সার্ভারে প্রবেশের সুযোগ পাবেন নিবন্ধিত অংশগ্রহণকারীরা।
‘সার্কেল গেমিং এরিনা ফেস্ট’-এর মাধ্যমে টুর্নামেন্টটি শেষ হবে এবং ফাইনাল ম্যাচ ল্যান ফরম্যাটে অনুষ্ঠিত হবে। ইভেন্টের তারিখ, খেলার সূচি এবং লাইভস্ট্রিমের বিস্তারিত তথ্য পরবর্তীতে সার্কেলের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
অনলাইন ডেক্স 























