জিয়াউল আহসানকে হাতকড়া ছাড়া — আওয়ামী লীগ সরকারের আমলে মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আর হাতকড়া ছাড়া নেওয়া হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি সংসদে বলেন, আদালত অঙ্গনে আসামিকে নিয়ে যাওয়ার সময় ঘটে যাওয়া অনাকাক্সিক্ষত ঘটনা তাঁর দৃষ্টিতেও এসেছে।
রবিবার জাতীয় সংসদে সিলেট-২ আসনের সরকারি দলের সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীর পয়েন্ট অফ অর্ডারে বক্তব্যের প্রেক্ষিতে আইনমন্ত্রী এ কথা বলেন। তিনি জানান, জিয়াউল আহসানকে আদালতে হাজির করার সময় যে ঘটনা ঘটেছে, তা আইন মন্ত্রণালয়ের সরাসরি আওতাভুক্ত না হলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
মোজা. তাহসিনা রুশদীর বক্তব্যে উল্লেখ করা হয়, মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন এবং তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। গত বৃহস্পতিবার তাকে আদালতে নেওয়ার সময় একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তার আচরণ দেখে মনে হয়েছে তিনি যেন আনন্দভ্রমণে বের হয়েছেন।
তিনি আরও বলেন, একজন খুনের মামলার অভিযুক্তকে হাতকড়া ও ডাণ্ডাবেড়ি ছাড়া আদালতে নেওয়া হয়েছে, যা উদ্বেগজনক। আইনমন্ত্রীকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেন তিনি।
আইনমন্ত্রী জানান, জিয়াউল আহসানকে আদালতে নিয়ে যাওয়ার ছবি তার নজরেও এসেছে। তিনি বলেন, আদালতে নিয়ে যাওয়ার সময় একজন কুখ্যাত অপরাধীকে যেভাবে নিয়ে যাওয়া প্রয়োজন, সেভাবেই তাকে ফেরত পাঠানো হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে তিনি নিশ্চয়তা দেন।
মন্ত্রী বলেন, সরকার ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং কোনো বিচার যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সে বিষয়ে সতর্ক রয়েছে। তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা আসামিদের বিরুদ্ধে সব ধরনের সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করা হচ্ছে।
আসাদুজ্জামান বলেন, বিগত ১৬-১৭ বছরে দেশে সংঘটিত গুম, খুন, গায়েবি মামলা ও রাজনৈতিক নিপীড়নের ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান তদন্ত কর্মকর্তার নেতৃত্বে তদন্ত দল বিভিন্ন জেলায় যাবে।
এ সময় তিনি সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, তদন্ত দল জেলায় গেলে সংশ্লিষ্ট এলাকার পুলিশ কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং রাজনৈতিক কর্মীদের সহযোগিতায় তথ্য দিতে হবে। সরকার ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আদালত অঙ্গনে অনাকাক্সিক্ষত ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অনলাইন ডেক্স 
























