পেটের গ্যাস ও ফাঁপা — পেট ফুলে থাকা, ঘন ঘন ঢেকুর ওঠা এবং পেটে গ্যাস জমে ব্যথা—এ ধরনের সমস্যায় অনেকেই ভোগেন। এই অস্বস্তি কখনো কখনো এতটাই বেড়ে যায় যে স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটে। বিশেষজ্ঞদের মতে, অনিয়মিত খাদ্যাভ্যাস, অতিরিক্ত খাবার গ্রহণ, কোষ্ঠকাঠিন্য এবং নির্দিষ্ট কিছু খাবার খাওয়ার কারণে এ সমস্যা দেখা দিতে পারে।
হজমপ্রক্রিয়ার স্বাভাবিক অংশ হিসেবেই অন্ত্রে গ্যাস তৈরি হয়। তবে অতিরিক্ত গ্যাস জমে গেলে কিংবা সহজে বের হতে না পারলে পেট ফাঁপা, ব্যথা ও অস্বস্তি দেখা দেয়। এ ধরনের সমস্যা কমাতে খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনার পাশাপাশি নির্দিষ্ট কিছু খাবার ও মসলা সহায়ক হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, হজমের অস্বস্তি কমাতে ভূমিকা রাখতে পারে এমন ৯টি উপাদান হলো—
প্রথমত, হলুদ। রান্নায় বহুল ব্যবহৃত এই মসলা খাবারের রং ও স্বাদ বাড়ানোর পাশাপাশি প্রদাহবিরোধী উপাদানের উৎস। এতে থাকা কারকিউমিন শরীরের প্রদাহ কমাতে ভূমিকা রাখতে পারে। বদহজমজনিত অস্বস্তি হলে খাবারে পরিমিত হলুদ ব্যবহার করা যেতে পারে। তবে এটি খেলেই গ্যাসের সমস্যা দূর হবে, এমন নিশ্চয়তা নেই।
দ্বিতীয়ত, রসুন। এতে রয়েছে বেশ কিছু জৈব সক্রিয় উপাদান, যা স্বাস্থ্যের জন্য উপকারী। তবে গ্যাসের সমস্যায় রসুনের প্রভাব সবার ক্ষেত্রে এক রকম নয়। কিছু মানুষের ক্ষেত্রে রসুন খেলে পেট ফাঁপা ও গ্যাসের সমস্যা আরও বাড়তে পারে। তাই রসুন খাওয়ার পর অস্বস্তি অনুভব করলে এর পরিমাণ কমিয়ে দেওয়া উচিত।
তৃতীয়ত, তারকা মৌরি বা স্টার অ্যানিস। এটি দীর্ঘদিন ধরে ঐতিহ্যগতভাবে হজমের অস্বস্তি দূর করতে ব্যবহৃত হয়ে আসছে। চায়ের সঙ্গে অল্প পরিমাণে এটি মিশিয়ে পান করা যেতে পারে। তবে গ্যাসের চিকিৎসায় এর কার্যকারিতার পক্ষে পর্যাপ্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই।
চতুর্থত, পেঁপে ও আনারস। হজমে সহায়ক এনজাইম থাকায় এই দুইটি খাবার খাদ্যতালিকায় রাখা যেতে পারে। পেঁপেতে রয়েছে প্যাপেইন এবং আনারসে রয়েছে ব্রোমেলেইন নামের এনজাইম, যা খাবারের প্রোটিন ভাঙতে সাহায্য করে। তাই পরিমিত পরিমাণে পাকা পেঁপে ও আনারস খাওয়া যেতে পারে।
পঞ্চমত, আদা। হজমের অস্বস্তি ও বমিভাব কমাতে আদার ব্যবহার বেশ পরিচিত। এতে থাকা জিঞ্জেরলসহ বিভিন্ন সক্রিয় উপাদান হজমপ্রক্রিয়ায় সহায়তা করতে পারে। খাবার খাওয়ার পর এক কাপ হালকা আদা-চা পান করা যেতে পারে, তবে অতিরিক্ত আদা খাওয়া থেকে বিরত থাকা ভালো।
ষষ্ঠত, পুদিনাপাতা। পেট ফাঁপা ও হজমের অস্বস্তি কমাতে পুদিনাপাতা ব্যবহার করা হয়। এতে থাকা মেনথল অন্ত্রের পেশি শিথিল করতে সহায়তা করতে পারে। খাবারের পর কয়েকটি পুদিনাপাতা চিবিয়ে খেতে পারেন অথবা পুদিনা-চা পান করতে পারেন। তবে যাদের অ্যাসিড রিফ্লাক্স বা বুকজ্বালার সমস্যা রয়েছে, তাদের জন্য পুদিনা অস্বস্তি বাড়িয়ে দিতে পারে।
সপ্তমত, মৌরি। খাওয়ার পর মুখের স্বাদ পরিবর্তন ও সতেজ রাখতে মৌরি খাওয়ার প্রচলন রয়েছে। এটি ঐতিহ্যগতভাবে হজমের অস্বস্তি কমাতে ব্যবহার করা হয়। খাবারের পর অল্প মৌরি চিবিয়ে খাওয়া যেতে পারে। চাইলে হালকা গরম পানিতে সামান্য মৌরি ও এলাচ মিশিয়েও পান করা যেতে পারে।
অষ্টমত, প্রোবায়োটিকসমৃদ্ধ খাবার। টক দই, কেফির ও বিভিন্ন ফারমেন্টেড খাবারে প্রোবায়োটিক পাওয়া যায়। এসব খাবার অন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে ভূমিকা রাখতে পারে। তবে যাদের দুধ বা দুগ্ধজাত খাবারে অসহিষ্ণুতা রয়েছে, তাদের ক্ষেত্রে এসব খাবারও গ্যাসের কারণ হতে পারে।
নবমত, ক্যামোমাইল চা। ঘুমের আগে প্রশান্তির জন্য ক্যামোমাইল চা পান করেন অনেকে। তবে এটি পেটের অস্বস্তি ও হজমের সমস্যায়ও ঐতিহতভাবে ব্যবহৃত হয়ে আসছে। হালকা গরম এক কাপ ক্যামোমাইল চা পান করা যেতে পারে। তবে যাদের ক্যামোমাইল বা একই গোত্রের ফুলে অ্যালার্জি রয়েছে, তাদের এটি এড়িয়ে চলা উচিত।
গ্যাসের সমস্যা কমাতে যেসব অভ্যাস গড়ে তুলবেন, সেগুলো হলো—খাবার ধীরে ধীরে এবং ভালোভাবে চিবিয়ে খেতে হবে, একবারে অতিরিক্ত খাবার গ্রহণ করা যাবে না, কোমল পানীয় ও কার্বনেটেড পানীয় এড়িয়ে চলতে হবে, এবং খাবার খাওয়ার পর কিছুক্ষণ হাঁটতে হবে। তবে বারবার গ্যাস হওয়া, পেট ফাঁপা কিংবা পেটব্যথার সমস্যা দীর্ঘদিন ধরে চলতে থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
অনলাইন ডেক্স 
























