এলপিজিসহ জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে — এলপিজিসহ অন্যান্য জ্বালানি পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, গণশুনানি ও আইনানুগ প্রক্রিয়া ছাড়া দাম নির্ধারণ এবং মূল্য নিয়ন্ত্রণে সরকারের কার্যকর পদক্ষেপের দাবিতে জাতীয় সংসদে জরুরি আলোচনার নোটিশ দিয়েছে বিরোধীদল।
জাতীয় সংসদ সচিবালয়ে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলের পক্ষ থেকে জনগুরুত্বপূর্ণ এ নোটিশ দেওয়া হয়। এতে সংসদের কার্যপ্রণালি বিধির ৬৮ বিধিতে আলোচনার দাবি জানানো হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে নোটিশটি পেশ করা হয়। অধিবেশনের প্রথম দিনের বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
নোটিশে বলা হয়, সাম্প্রতিক সময়ে দফায় দফায় এলপিজি সিলিন্ডারের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। এতে নিম্ন ও মধ্যবিত্তসহ সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় ধরনের অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে। কোনো ধরনের গণশুনানি ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামত না নিয়েই এ মূল্য পুনর্নির্ধারণ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে বিরোধীদল।
নোটিশে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইনের বিভিন্ন ধারা ও প্রবিধান যথাযথভাবে অনুসরণ না করায় ভোক্তারা দ্বিমুখী আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন। একইভাবে অন্যান্য জ্বালানি পণ্যের মূল্য নির্ধারণে জনস্বার্থ উপেক্ষা করা হলে সামগ্রিক অর্থনীতি, কৃষি ও শিল্প খাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
বিদ্যমান অনিয়ম ও মূল্যবৃদ্ধি রোধে অবিলম্বে আইনানুগভাবে গণশুনানির আয়োজন, স্বচ্ছ প্রবিধান প্রণয়ন এবং জ্বালানি পণ্যের বাজার নিয়ন্ত্রণে কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে নোটিশে।
দেশের সার্বিক জনস্বার্থ বিবেচনায় জ্বালানি পণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকারকে দ্রুত দৃশ্যমান উদ্যোগ নেওয়ার পাশাপাশি এ বিষয়ে জাতীয় সংসদে বিস্তারিত আলোচনার দাবি জানানো হয়েছে।
জাতীয় সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কাছে ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পের দুর্নীতি, সমবায়ের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ মানবসম্পদ তৈরির অগ্রগতি জানতে চেয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। একই সঙ্গে দেশের রাজস্ব আদায়, মূল্যস্ফীতি, জিডিপি প্রবৃদ্ধি, বেসরকারি খাতে ঋণ বিতরণ ও কর্মসংস্থানের পরিস্থিতিও তুলে ধরেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এসব প্রশ্ন করেন হাসনাত আব্দুল্লাহ। প্রশ্নের শুরুতে দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, অর্থনৈতিক সংকটের মধ্যেও ২০২৫-২৬ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) লক্ষ্যমাত্রার বিপরীতে ৪ লাখ ৩ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ৫০ শতাংশ বেশি। তবে এই লক্ষ্যমাত্রা বাস্তবসম্মত নয় বলে ইতোমধ্যে প্রমাণিত হয়েছে। কারণ, অর্থবছরের প্রথম প্রান্তিকে লক্ষ্যমাত্রার চেয়ে ১ শতাংশ কম রাজস্ব আদায় হয়েছে।
মূল্যস্ফীতি ও জিডিপি প্রবৃদ্ধির বিষয়ে তিনি বলেন, বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হলেও বছর শেষে তা ১১ শতাংশে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। অন্যদিকে, জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৫ শতাংশ ধরা হলেও আইএমএফের পূর্বাভাস অনুযায়ী তা ৩ দশমিক ২ শতাংশে নেমে আসতে পারে। পরের বছর প্রবৃদ্ধি আরও কমে ২ দশমিক ২ শতাংশে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।
বেসরকারি খাতের ঋণ পরিস্থিতি তুলে ধরে হাসনাত আব্দুল্লাহ বলেন, গত তিন দশকের মধ্যে এ খাতে ঋণ বিতরণের হার সবচেয়ে কমে ৩ দশমিক ৪২ শতাংশে নেমেছে। তাঁর ভাষ্য, এ খাতে কার্যত কোনো ঋণ বিতরণ হচ্ছে না।
কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, ১৮ মাসে দেড় কোটি কর্মসংস্থান সৃষ্টির কথা থাকলেও এখন পর্যন্ত প্রকৃতপক্ষে কত কর্মসংস্থান হয়েছে, তার তথ্য জানা যায়নি। বরং কর্মসংস্থান বাড়ার পরিবর্তে ৩৫ শতাংশ কমেছে বলে উল্লেখ করেন তিনি।
এরপর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে ‘একটি বাড়ি একটি খামার’ নামে পরিচিত প্রকল্পটির নাম পরিবর্তন করে ‘আমার বাড়ি আমার খামার’ রাখা হয়। প্রকল্পটিতে ব্যাপক দুর্নীতি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
প্রতিমন্ত্রীর কাছে হাসনাত আব্দুল্লাহ জানতে চান, সমবায়ের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি, কারিগরি ও ভাষাগত দক্ষতা উন্নয়নের মধ্য দিয়ে কতসংখ্যক নতুন কর্মক্ষম জনগোষ্ঠী তৈরি হয়েছে, যারা জাতীয় জিডিপিতে অবদান রাখছে। পাশাপাশি প্রকল্পের দুর্নীতির অভিযোগে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকসহ যাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে, সেসব মামলার বিচার কোন পর্যায়ে রয়েছে, সে বিষয়েও তথ্য চান তিনি।
অনলাইন ডেক্স 





















