সংসদে প্রতিমন্ত্রীর কাছে হাসনাত — জাতীয় সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কাছে 'আমার বাড়ি আমার খামার' প্রকল্পের দুর্নীতি, সমবায়ের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ মানবসম্পদ তৈরির অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এসব প্রশ্ন করেন।
প্রশ্নের শুরুতে হাসনাত আব্দুল্লাহ দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরেন। তিনি জানান, অর্থনৈতিক সংকটের মধ্যেও ২০২৫-২৬ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) লক্ষ্যমাত্রার বিপরীতে ৪ লাখ ৩ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৪ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগের বছরের তুলনায় ৫০ শতাংশ বেশি। তবে তিনি জানান, অর্থবছরের প্রথম প্রান্তিকে লক্ষ্যমাত্রার চেয়ে ১ শতাংশ কম রাজস্ব আদায় হয়েছে।
মূল্যস্ফীতি ও জিডিপি প্রবৃদ্ধির বিষয়ে তিনি বলেন, বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হলেও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পূর্বাভাস দিয়েছে যে তা ১১ শতাংশে পৌঁছাতে পারে। অন্যদিকে, জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৫ শতাংশ হলেও আইএমএফের পূর্বাভাস অনুযায়ী তা ৩ দশমিক ২ শতাংশে নেমে আসতে পারে। পরের বছর প্রবৃদ্ধি আরও কমে ২ দশমিক ২ শতাংশে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।
বেসরকারি খাতের ঋণ পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, গত তিন দশকের মধ্যে এ খাতে ঋণ বিতরণের হার সবচেয়ে কমে ৩ দশমিক ৪২ শতাংশে নেমেছে। তিনি বলেন, এ খাতে কার্যত কোনো ঋণ বিতরণ হচ্ছে না।
কর্মসংস্থান প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, ১৮ মাসে দেড় কোটি কর্মসংস্থান সৃষ্টির কথা থাকলেও প্রকৃতপক্ষে কত কর্মসংস্থান হয়েছে, তার তথ্য জানা যায়নি। বরং তিনি উল্লেখ করেন, কর্মসংস্থান বাড়ার পরিবর্তে ৩৫ শতাংশ কমেছে।
এরপর তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উদ্দেশে বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে 'একটি বাড়ি একটি খামার' প্রকল্পটির নাম পরিবর্তন করে 'আমার বাড়ি আমার খামার' রাখা হয়েছে। তিনি অভিযোগ করেন, প্রকল্পটিতে ব্যাপক দুর্নীতি হয়েছে।
হাসনাত আব্দুল্লাহ প্রতিমন্ত্রীর কাছে জানতে চান, সমবায়ের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি, কারিগরি ও ভাষাগত দক্ষতা উন্নয়নের মাধ্যমে কতসংখ্যক নতুন কর্মক্ষম জনগোষ্ঠী তৈরি হয়েছে, যারা জাতীয় জিডিপিতে অবদান রাখছে। তিনি প্রকল্পের দুর্নীতির অভিযোগে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকসহ যাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে, সেসব মামলার বিচার কোন পর্যায়ে রয়েছে, সে বিষয়েও তথ্য চান।
জবাবে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, 'এটা আমার মনে হয় যে মাননীয় সংসদ সদস্য বিস্তারিত একটা নোটিশ দিলে এরপরে বিস্তারিত এখানে উত্থাপন করতে আমার জন্য সুবিধা হবে। আর উনি অনেকগুলো প্রশ্ন করেছেন বিভিন্ন মন্ত্রণালয় নিয়ে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের আলাদা আলাদা নোটিশ করলে উনি বিস্তারিত উত্তর মহান সংসদে পাবেন।'
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পরিচালনার সুবিধার্থে সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। তাঁদের মধ্যে বিএনপির চারজন সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন প্রতিনিধি রয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া অধিবেশনের প্রথম দিনের বৈঠকে তাঁদের নাম ঘোষণা করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। এ সময় তিনি নিজেই অধিবেশনে সভাপতিত্ব করেন।
নতুন সভাপতিমণ্ডলীতে স্থান পাওয়া সংসদ সদস্যরা হলেন নোয়াখালী-৪ আসনের মো. শাহজাহান, চট্টগ্রাম-১২ আসনের সরওয়ার জামাল নিজাম, পঞ্চগড়-১ আসনের মুহাম্মদ নওশাদ জমির, চট্টগ্রাম-১৫ আসনের শাহজাহান চৌধুরী এবং সংরক্ষিত নারী আসন-৩-এর রাশেদা বেগম হীরা।
দলীয় পরিচয় অনুযায়ী, মো. শাহজাহান, সরওয়ার জামাল নিজাম, মুহাম্মদ নওশাদ জমির ও রাশেদা বেগম হীরা বিএনপির সংসদ সদস্য। অন্যদিকে শাহজাহান চৌধুরী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি।
সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকার দুজনই অনুপস্থিত থাকলে সভাপতিমণ্ডলীর সদস্যদের জ্যেষ্ঠতার ভিত্তিতে যেকোনো একজন সংসদ অধিবেশন পরিচালনার দায়িত্ব পালন করেন।
এছাড়া, বিভিন্ন কারণে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৭২২টি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে এনজিও বিষয়ক ব্যুরো। এসব সংস্থার নিবন্ধন বাতিলের পেছনে নির্ধারিত সময়ে নবায়নের আবেদন না করা, স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং আইনানুগ নির্দেশ অমান্য করার মতো অভিযোগ রয়েছে।
অনলাইন ডেক্স 





















