পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি — তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রাথমিক প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। এই প্রস্তাবে গ্রেডভেদে সর্বোচ্চ ৪৮ হাজার টাকা পর্যন্ত মজুরি নির্ধারণের সুপারিশ করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় তৈরি পোশাক খাতের মজুরি বৃদ্ধি নিয়ে সপ্তম নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার।
বাবুল আখতার বলেন, নতুন শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবে গ্রেড-১-এর শ্রমিকদের জন্য ৪৮ হাজার, গ্রেড-২-এর জন্য ৪৩ হাজার, গ্রেড-৩-এর জন্য ৩৮ হাজার এবং শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩২ হাজার টাকা মজুরি নির্ধারণের কথা বলা হয়েছে।
চলমান শ্রমিক অসন্তোষের কারণে সোমবারের বৈঠকে মালিকপক্ষ মজুরি প্রস্তাব দিতে পারেনি বলে জানিয়েছেন তাঁদের প্রতিনিধিরা। নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী সাংবাদিকদের বলেন, আগামী চার কার্যদিবসের মধ্যে মালিকপক্ষ তাদের মজুরি কাঠামোর সুপারিশ দেবে।
তিনি আরও জানান, পরবর্তী বৈঠকের আগে শ্রমঘন শিল্প এলাকার সব কারখানা পরিদর্শন করবে মজুরি বোর্ড। এর আগে গত বুধবার (৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠক শেষে জানানো হয়, তৈরি পোশাকশিল্পে নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে। শ্রমিকরা বাড়তি বেতন হাতে পাবেন জানুয়ারি থেকে।
মজুরি বোর্ডের প্রথম বৈঠকের পর ঢাকার সাভার-আশুলিয়া ও গাজীপুরে পোশাক শ্রমিকদের অসন্তোষ কিছুটা কমেছে। তবে রোববার (৮ নভেম্বর) এ দুই এলাকার ৩৮টি কারখানায় শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে।
মজুরি বাড়ানোর দাবিতে গত মাস থেকে আন্দোলন করছেন পোশাকশ্রমিকরা। তাঁদের মজুরি পুনর্নির্ধারণের লক্ষ্যে সরকার গত ১ নভেম্বর মজুরি বোর্ড গঠন করে। বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ।
মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন। শ্রমিকপক্ষের প্রতিনিধি হলেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার।
এ ছাড়া শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন। মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি হিসেবে আছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব।
এদিকে, সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের গ্রেপ্তার ও কারাগারে থাকার তথ্য জাতীয় সংসদকে জানিয়েছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো একটি চিঠি সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে পড়ে শোনান তিনি।
স্পিকার জানান, সংসদ সদস্য জিএম নজরুল ইসলামকে শেরেবাংলা নগর থানায় গত ২০ সেপ্টেম্বর দায়ের করা ১৬৯৫ নম্বর জিডির সূত্রে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাঁর বাসা থেকে থানায় নিয়ে যায়। পরবর্তী সময়ে সাতক্ষীরার শ্যামনগর থানায় বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০-এর ৩০৬ ধারায় একটি এজাহার দায়ের করা হয়।
মামলাটির নম্বর ১৬ এবং জিআর নম্বর ১৯৭। এ মামলার পরিপ্রেক্ষিতে শেরেবাংলা নগর থানা পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২১ সেপ্টেম্বর তাঁকে গ্রেপ্তার করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
স্পিকার জানান, বর্তমানে জিএম নজরুল ইসলাম ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে বন্দি রয়েছেন। কার্যপ্রণালি বিধির ১৭৬ বিধি অনুযায়ী বিষয়টি সংসদ সদস্যদের অবহিত করা হলো বলেও জানান স্পিকার।
এছাড়া, তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা, মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের ঝুঁকি কমানো এবং ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে দেশব্যাপী ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের নিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতা আয়োজন করা হবে।
অনলাইন ডেক্স 





















