অর্থনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া — অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অর্থনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া রাজনৈতিক গণতন্ত্র সম্ভব নয়। তিনি রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৬ উদ্যাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন।
অর্থমন্ত্রী বলেন, বিগত সরকারের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা সময়ের অপচয়। তিনি বলেন, ‘আমি কোনো সরকারের বিগত দিনের আলোচনায় যেতে চাই না, এটি ওয়েস্ট অব টাইম।’ তিনি আরও জানান, অর্থনীতি গণতান্ত্রিক না হলে দেশের উন্নয়ন ব্যাহত হয়। অর্থনীতিকে গণতান্ত্রিক করা সম্ভব হলে রাজনৈতিক গণতন্ত্রও একটি পর্যায়ে পৌঁছানো যাবে।
তিনি বলেন, ‘অর্থনীতিকে গণতান্ত্রিক করতে পারলে রাজনীতির গণতন্ত্রের একটা পর্যায়ে আমরা যেতে পারব। কিন্তু অর্থনীতি গণতান্ত্রিক না হলে রাজনীতির গণতন্ত্র কোনো দিন কাজ করে না।’ অর্থমন্ত্রী সঠিক তথ্য ছাড়া স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন।
অর্থমন্ত্রী বলেন, সরকার তথ্যের স্বচ্ছতা আনার চেষ্টা করছে এবং এ লক্ষ্যে পরিসংখ্যান ব্যুরোকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। তিনি বলেন, কোনো সরকার দেশের তথ্য নিয়ে প্রতারণা করলে তা নিজের সঙ্গে নিজে প্রতারণা করার শামিল।
সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, সরকার কোনো ধরনের তথ্য বিকৃত করতে চায় না। তিনি জানান, পরিসংখ্যান তৈরিতে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। মানুষ যেন নির্ভরযোগ্য তথ্য পেতে পারে, সে লক্ষ্যেই কাজ করছে সরকার।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের আমলে অযোগ্য ব্যক্তিরা সুবিধা পেয়েছেন, আর যোগ্য ব্যক্তিরা ছিলেন সুবিধার বাইরে। এতে বাংলাদেশের সীমিত সম্পদের বড় একটি অংশ অপচয় হয়েছে।’
তিনি জানান, সরকার নির্ভরযোগ্য, আন্তর্জাতিক মানসম্পন্ন ও সহজলভ্য পরিসংখ্যান নিশ্চিত করতে সংস্কার কার্যক্রম এগিয়ে নিচ্ছে।
এদিকে, আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা ও সরবরাহ বিবেচনায় নিয়ে ১০টি গুরুত্বপূর্ণ পণ্যের আমদানি সহজ করতে বাংলাদেশ ব্যাংক বিশেষ নির্দেশনা দিয়েছে। রোববার (৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত সার্কুলার জারি করা হয়।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, চাল, গম (আটা), পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল (সয়াবিন ও পাম অয়েল), চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর এই ১০ ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি ঋণপত্র খোলার ক্ষেত্রে সংরক্ষণযোগ্য নগদ মার্জিনের হার ন্যূনতম পর্যায়ে রাখতে হবে।
সার্কুলারে এসব পণ্যের আমদানিকে অগ্রাধিকার দেওয়ার কথাও বলা হয়েছে। অভ্যন্তরীণ বাজারে পণ্যগুলোর পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ব্যাংকগুলোকে এসব পণ্যের আমদানি ঋণপত্র খোলার ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং আগামী ১৫ মার্চ ২০২৭ পর্যন্ত বলবৎ থাকবে।
এর আগে রমজান মাসের চাহিদা বিবেচনায় কয়েকটি নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য আমদানির ক্ষেত্রে নগদ মার্জিনের হার ন্যূনতম রাখার নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। ওই নির্দেশনার মেয়াদ ৩১ মার্চে শেষ হয়।
নতুন সার্কুলারের ফলে রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি প্রক্রিয়া আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এছাড়া, জমির শেয়ার বিক্রির বিনিময়ে নির্দিষ্ট আয়তনের ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতিতে পরিচালিত অনিয়ন্ত্রিত আবাসন ব্যবসা বন্ধের দাবি জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। সংগঠনটির দাবি, এ ধরনের ব্যবসায়িক মডেলের কারণে ইতোমধ্যে প্রায় ৪০ হাজার নাগরিক ক্ষতিগ্রস্ত হয়েছেন।
রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল এসব কথা বলেন। তিনি জানান, জমির মালিকানা, প্রকল্পের অনুমোদন, নির্মাণের সক্ষমতা এবং সংগৃহীত অর্থের ব্যবহারে স্বচ্ছতা নিশ্চিত না করেই বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান শেয়ারভিত্তিক আবাসন ব্যবসা পরিচালনা করছে।
এতে সাধারণ ক্রেতারা প্রতারণা, আর্থিক ক্ষতি ও দীর্ঘমেয়াদি আইনি জটিলতার ঝুঁকিতে পড়ছেন।
অনলাইন ডেক্স 




















