বিএফআইইউর পাঁচ কর্মকর্তার বদলি — বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পাঁচ কর্মকর্তাকে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগে বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে তিনজন অতিরিক্ত পরিচালক এবং দুজন যুগ্ম পরিচালক রয়েছেন।
রোববার (৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। আদেশ অনুযায়ী, অতিরিক্ত পরিচালক মো. রোকন-উজ-জামানকে কৃষিঋণ বিভাগ-২-এ, মোহাম্মদ সানাউল আলম সমুকে ডিপোজিট ইনস্যুরেন্স ডিপার্টমেন্টের ডিভিশন-২-এ এবং কামরুল হাসান আজাদকে আইন বিভাগে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া যুগ্ম পরিচালক মো. জয়নুল আবেদীনকে ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্টে এবং মোহাম্মদ সাইফুল ইসলামকে ফিন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টে বদলি করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের আদেশে বলা হয়েছে, বদলির আদেশ কার্যকর হওয়ার পর ৮ নভেম্বর কর্মদিবসের শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁদের বর্তমান দায়িত্ব থেকে অবমুক্ত বলে গণ্য হবেন। একই সঙ্গে নতুন কর্মস্থলে যোগদানের জন্য প্রয়োজনীয় কার্যভার প্রতিবেদন যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বিএফআইইউ দেশের আর্থিক খাতে অর্থপাচার, সন্ত্রাসে অর্থায়ন ও সন্দেহজনক আর্থিক লেনদেন শনাক্ত এবং প্রতিরোধে কাজ করে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে সন্দেহজনক লেনদেনের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী ও তদন্তকারী সংস্থার কাছে প্রতিবেদন পাঠানো প্রতিষ্ঠানটির অন্যতম দায়িত্ব।
এদিকে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে উদ্ভাবিত প্রযুক্তি ও জ্ঞান শিল্পপ্রতিষ্ঠানে কাজে লাগানোর জন্য বড় ধরনের উদ্যোগ নিচ্ছে। এই উদ্যোগের আওতায় বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের যৌথ গবেষণায় অর্থায়ন বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর কার্যালয় (টিটিও) প্রতিষ্ঠা এবং স্টার্টআপ ইনকিউবেটর গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
রোববার (৮ নভেম্বর) চট্টগ্রামের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামে (আইআইইউসি) তিন দিনব্যাপী ‘পঞ্চম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইনোভেশনস ইন সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব উদ্যোগের কথা জানান ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
অধ্যাপক মামুন আহমেদ বলেন, গবেষণার পরিধি কেবল গবেষণাপত্র লেখা ও প্রকাশনার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। গবেষণার ফলাফলকে বাস্তব জীবনের সমস্যা সমাধান, প্রযুক্তির উদ্ভাবন এবং শিল্পের উৎপাদনশীলতা বৃদ্ধিতে কাজে লাগাতে হবে।
তিনি আরও বলেন, ‘গবেষণার সাফল্য শুধু প্রকাশনা বা উদ্ধৃতির সংখ্যা দিয়ে মূল্যায়ন না করে নতুন প্রযুক্তি উদ্ভাবন, কার্যকর প্রোটোটাইপ তৈরি এবং মেধাস্বত্ব সংরক্ষণের মাধ্যমেও মূল্যায়ন করতে হবে।’
দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলো এখনো বিদেশি প্রযুক্তি ও পরামর্শসেবার ওপর অনেকাংশে নির্ভরশীল উল্লেখ করে ইউজিসি চেয়ারম্যান বলেন, চট্টগ্রাম বন্দরের সরবরাহব্যবস্থা স্বয়ংক্রিয়করণ, তৈরি পোশাক খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার কিংবা বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থার দক্ষতা বৃদ্ধির মতো সমস্যার দেশীয় সমাধান দেওয়ার সক্ষমতা বাংলাদেশের গবেষকদের রয়েছে।
এ লক্ষ্য অর্জনে শিল্পপ্রতিষ্ঠানগুলোকে গবেষণাগারে বিনিয়োগের আহ্বান জানান তিনি। পাশাপাশি গবেষকদের শিল্পের বাস্তব চাহিদা চিহ্নিত করতে সরাসরি কারখানায় যাওয়ার পরামর্শ দেন।
ইউজিসি চেয়ারম্যান জানান, বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের যৌথ গবেষণায় অর্থায়ন বাড়ানোর পাশাপাশি বাংলাদেশি বিজ্ঞানীদের আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তি হস্তান্তর কার্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে উদ্ভাবনের পেটেন্ট গ্রহণ ও প্রযুক্তি হস্তান্তরের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলা হবে।
একই সঙ্গে তরুণ উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে স্টার্টআপ ইনকিউবেটর প্রতিষ্ঠায় কৌশলগত অনুদান দেওয়ার পরিকল্পনা রয়েছে।
দেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা এবং আগামী পাঁচ বছরে এক কোটি উচ্চমূল্যের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য অর্জনে তথ্যপ্রযুক্তি, ওষুধ, নবায়নযোগ্য জ্বালানি, লাইট ইঞ্জিনিয়ারিং ও জীবপ্রযুক্তির মতো সম্ভাবনাময় খাতে দেশীয় সক্ষমতা বাড়ানোর আহ্বান জানান ইউজিসি চেয়ারম্যান।
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায়। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী আহ্বান করা এই অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে। এতে পাঁচ থেকে ছয়টি বিল উত্থাপন ও সেগুলোর ওপর আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
অনলাইন ডেক্স 
























