রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে ডিএনএ পরীক্ষার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাদের ঢাকায় সিআইডির কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশে পাঠানো হয়। সেখানে তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে, বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা বিভাগের উপকমিশনার সনাতন চক্রবর্তী।
সনাতন চক্রবর্তী জানান, গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামির ডিএনএ পরীক্ষার জন্য সন্ধ্যায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে। নমুনা সংগ্রহের পর তাদের রংপুরে ফিরিয়ে আনা হবে।
গত ২২ আগস্ট রাতে নগরীর মাছুয়াপাড়ার নিজ বাড়ি থেকে গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর লাশ উদ্ধার করা হয়। স্থানীয়দের মাধ্যমে পুলিশ খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করে।
মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ জানান, জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা দাবি করেন যে তারা ইয়াবা সেবনের জন্য গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে গিয়েছিলেন। সেখানে গণপতি চক্রবর্তীকে হত্যার পর সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ার আশঙ্কায় বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
অনলাইন ডেক্স 
























