বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে এক করে দেখার প্রবণতা ভারতের কৌশলগত স্বার্থের জন্য ক্ষতিকর হতে পারে বলে মন্তব্য করেছেন ভারতীয় সাংবাদিক ও দ্য প্রিন্টের প্রধান সম্পাদক শেখর গুপ্ত। তিনি বলেন, অভ্যন্তরীণ রাজনীতির কারণে বাংলাদেশ ও পাকিস্তানকে একই দৃষ্টিতে দেখছে ভারত, যা নয়া দিল্লির কূটনৈতিক পরিসর সংকুচিত করছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দ্য প্রিন্টে প্রকাশিত তার সাপ্তাহিক ‘ন্যাশনাল ইন্টারেস্ট’ কলামে শেখর গুপ্ত লেখেন, ভারত নিজের তৈরি একটি ফাঁদে আটকে পড়েছে। তিনি উল্লেখ করেন, শেখ হাসিনা সরকারের পতন এবং বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর ঢাকার সঙ্গে ভারতের সম্পর্ক নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে।
শেখর গুপ্ত বলেন, ভারতের অভ্যন্তরীণ রাজনীতির প্রয়োজন এবং নির্বাচনী প্রচারের ধরন বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে এক বন্ধনীতে নিয়ে এসেছে। আসাম ও পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ ইস্যুর ব্যবহার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশবিরোধী বক্তব্য এ প্রবণতাকে আরও জোরালো করেছে।
তিনি আরও বলেন, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর ভারতে যে ক্ষোভ তৈরি হয়েছে, তা বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিক করার পূর্বশর্ত হিসেবে দেখা উচিত নয়। শেখর গুপ্তের মতে, ভারতের লক্ষ্য হওয়া উচিত বাংলাদেশ ও পাকিস্তানকে একই কৌশলগত পরিসরে চলে যাওয়া ঠেকানো।
শেখর গুপ্তের বিশ্লেষণে, ভারতের দুই পাশে থাকা বড় প্রতিবেশী দেশগুলো যদি একই সময়ে বৈরী অবস্থান নেয়, তাহলে সেটি ভারতের জন্য কতটা লাভজনক হবে, সেই প্রশ্ন বিবেচনা করা প্রয়োজন। তিনি বলেন, সম্পর্ক মেরামতের জন্য বড় কোনো কূটনৈতিক উদ্যোগের প্রয়োজন নেই; বাংলাদেশে ক্রিকেট সফরের আমন্ত্রণ গ্রহণের মতো ছোট পদক্ষেপ দিয়েও সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু করা যেতে পারে।
অনলাইন ডেক্স 
























