পাকিস্তান সিনেটের বিরোধীদলীয় নেতা রাজা নাসির আব্বাস বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধে পাকিস্তান জড়িয়ে পড়লে দেশের জন্য মহাবিপর্যয় নেমে আসবে। তিনি এ মন্তব্য করেন শনিবার দ্য গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে।
রাজা নাসির আব্বাস জানান, মক্কা চুক্তির শর্তাবলী সম্পর্কে সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের ছাড়া কেউ জানে না। তিনি বলেন, পাকিস্তান ইতোমধ্যে দুটি রক্তক্ষয়ী বিদ্রোহ সামলাচ্ছে এবং দেশের অর্থনীতি ধ্বংসের পথে। এই পরিস্থিতিতে যুদ্ধের এক পক্ষে যোগ দিলে দেশে বিশৃঙ্খলা ও ধর্মীয় মেরুকরণ সৃষ্টি হবে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত বছরের সেপ্টেম্বরে পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনির সৌদি আরবে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তির মাধ্যমে পাকিস্তান সৌদি সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দেবে এবং সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তানের সশস্ত্র বাহিনী মাঠে নামবে।
বিশ্লেষকরা জানান, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির পরিস্থিতির ঝুঁকি সঠিকভাবে মূল্যায়ন করতে পারেননি। সৌদি আরবের কাছে আধুনিক যুদ্ধবিমান থাকলেও হুথি বিদ্রোহীদের মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতার অভাব রয়েছে।
পাকিস্তান সরকার ও সামরিক কর্মকর্তারা সৌদি আরবের নিরাপত্তায় তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তবে ইসলামাবাদভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান 'পাক ইনস্টিটিউট ফর পিস স্টাডিজ' এর পরিচালক মুহাম্মদ আমির রানা জানান, পাকিস্তান ইয়েমেনে যেকোনো ধরনের পদক্ষেপে যুক্ত হওয়া এড়াতে সর্বোচ্চ চেষ্টা করবে।
অনলাইন ডেক্স 
























