নেদারল্যান্ডসের মিনা গেলটিঙ্ক ও মিনাল টিসেনের জীবনে ঘটে যাওয়া একটি অদ্ভুত ঘটনা সম্প্রতি প্রকাশ পেয়েছে। কিশোরী বয়সে একটি অনুষ্ঠানে পরিচয়ের পর তারা গভীর বন্ধুত্ব গড়ে তুলেছিলেন, কিন্তু ১৫ বছর আগে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
দুজনের জন্ম ভারতের মুম্বাইয়ে, ১৯৮০-এর দশকে। মাত্র কয়েক মাস বয়সে তাদের দত্তক নেয় নেদারল্যান্ডসের দুটি পরিবার। কিশোরী বয়সে প্রথম দেখা হওয়ার সময় তারা নিজেদের মধ্যে অদ্ভুত মিল লক্ষ্য করেন।
৪৩ বছর বয়সী মিনা বলেন, ‘বন্ধুরা আমাদের দেখে বলেছিল, 'তোমরা আয়নায় নিজেদের দেখো।' আয়নায় দেখার পর আমার মনে হলো, হে ঈশ্বর, ওর কাছে তো দেখি আমার নাকটা!’
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের যোগাযোগ বন্ধ হয়ে যায়। ২০১৭ সালে মিনার ডিএনএ পরীক্ষা করার পর কোনো মিল পাওয়া যায়নি। তবে চলতি বছরের ২০ মে মিনাল ফেসবুকে মিনাকে একটি বার্তা পাঠান, যা তাদের পুনর্মিলনের সূচনা করে।
ডিএনএ পরীক্ষার মাধ্যমে তারা জানতে পারেন, তারা আসলে দুই বোন। ৪৪ বছর বয়সী মিনাল ও ৪৩ বছর বয়সী মিনা একই জৈবিক বাবা-মায়ের সন্তান, অথচ শৈশবেই আলাদা হয়ে গিয়েছিলেন। গত আগস্টে তারা প্রথমবারের মতো দুই বোন হিসেবে একে অপরের সঙ্গে দেখা করেন।
অনলাইন ডেক্স 






















