সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিক্ষেপ করা একটি প্রজেক্টাইল সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জাজান অঞ্চলে আঘাত হানার পর দুইজন আহত হয়েছে এবং একটি মসজিদ ও বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
গতকাল শনিবার জাজানের আল-তুওয়াল গভর্নরেটে এসে পড়া ওই প্রজেক্টাইলের আঘাতে বেশ কয়েকটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা জানিয়েছে।
সিভিল ডিফেন্সের একজন মুখপাত্র বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করাকে ‘আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন। তিনি আরও বলেন, নির্ধারিত জরুরি ব্যবস্থা বাস্তবায়ন করা হয়েছে।
হুথিরা দাবি করেছে, তাদের হামলার লক্ষ্য ছিল দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশের শারুরাহতে অবস্থিত একটি সৌদি সামরিক ঘাঁটি।
সৌদি সিভিল ডিফেন্স পরে জানায়, সেখানে বাসিন্দাদের জন্য সতর্কতা জারি করার পর খামিস মুশাইত গভর্নরেটে বিপদের পরিস্থিতি কেটে গেছে।
ইরান-সমর্থিত হুথিরা সাম্প্রতিক দিনগুলোতে দক্ষিণ সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। গোষ্ঠীটি মঙ্গলবার সৌদি আরবের আবহা, খামিস মুশাইত, জাজান ও নাজরান শহরের বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় হামলা চালায়, যাতে নারী ও শিশুসহ ৭৩ জন আহত হয়।
এরই মধ্যে হুথি যোদ্ধারা ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নিয়েছে এবং কৌশলগত বন্দরনগরী মোখা দখল করেছে। অন্যদিকে, ইয়েমেনি সরকারি বাহিনী আল-জাওফ, মারিব ও আল-বাইদায় নতুন নতুন ফ্রন্ট খুলেছে।
অনলাইন ডেক্স 
























