ফ্রান্স ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচনে সমর্থন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের (এফএফএফ) নির্বাহী কমিটি সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেয়।
ফ্রান্সের এই অবস্থান পরিবর্তনের ফলে ইউরোপীয় ফুটবলে ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে চলমান বিরোধিতা আরও জোরালো হয়েছে। গত জুনে ফ্রান্সের ফুটবল ফেডারেশন ইনফান্তিনোর সমর্থনে ঘোষণা দিয়েছিল, কিন্তু পরবর্তীতে ফিফার প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক স্বত্বে বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদার করার পরিকল্পনা সামনে আসলে পরিস্থিতি বদলে যায়।
এফএফএফ সভাপতি ফিলিপ দিয়ালো ফিফার পরিচালনব্যবস্থায় আস্থার সংকটকে ফ্রান্সের অবস্থান বদলের কারণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘ফিফা সভাপতির ওপর যে আস্থা রাখা হয়েছিল, তা ভেঙে গেছে।’
ফ্রান্সের মতে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো স্বচ্ছতা ও সম্মিলিত আলোচনার মাধ্যমে নেওয়া উচিত। এফএফএফ ফিফার পরিচালনব্যবস্থায় সংস্কারের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছে এবং বিভিন্ন মহলের সঙ্গে আলোচনা করবে।
ইনফান্তিনো আগামী ১৮ মার্চ মরক্কোর রাবাতে ফিফা সভাপতি নির্বাচনের দৌড়ে রয়েছেন। নির্বাচনের আগে তার বিরোধী পক্ষ কতটা সংগঠিত হতে পারে, সেটিই এখন বড় আলোচনার বিষয়।
অনলাইন ডেক্স 
























