৮ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে জর্ডানের আল আজরাক বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৯টি মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হামলায় আল আজরাকের মুয়াফ্ফাক সালতি বিমান ঘাঁটির একটি এ-১০ থান্ডারবোল্ট নজরদারি বিমানের একটি ডানা উড়ে গেছে এবং ৮টি এফ-১৫ যুদ্ধবিমানের ক্ষয়ক্ষতি হয়েছে।
সিবিএসের প্রতিবেদক জেনিফার জ্যাকবস জানিয়েছেন, মার্কিন বিমান বাহিনী ৮ সেপ্টেম্বর রাতে ইরানের ৫টি ট্যাংকার জাহাজ অকেজো করে দেয়। এর কয়েক ঘণ্টার মধ্যে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড ফোর্স (আইআরজিসি) জর্ডানের মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
জর্ডানের প্রতিরক্ষা বাহিনী বুধবার সকালে এক বিবৃতিতে দাবি করেছে, ইরান থেকে মোট ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল এবং তাদের এয়ার ডিফেন্স সিস্টেম ১৮টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, যে দু’টি ক্ষেপণাস্ত্র আটকানো সম্ভব হয়নি, সেগুলো জনবসতি থেকে দূরে পতিত হয়েছে, ফলে কোনো জনজীবন বা অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়নি।
সূত্র: এএফপি/এনডিটিভি ওয়ার্ল্ড
অনলাইন ডেক্স 

























