ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আলোচনা করতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, পর্দার আড়ালে কী কী ঘটেছিল তা প্রকাশ পেলে সবাই বিস্মিত হবেন। তবে তিনি নিজের দায়িত্বের কারণে সেই তথ্য প্রকাশ করতে চান না।
সম্প্রতি ক্রীড়া পডকাস্ট ‘নট আউট নোমান’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তামিম বলেন, “আমি এখন আইসিসিতে আছি, বিসিবির কারণেই আমি আইসিসির সদস্য। ওই আলোচনার সময় অনেক কিছু বলা হয়েছে, অনেক কিছু করা হয়েছে।” তিনি আরও জানান, “যদি সেগুলো প্রকাশ করি, আপনারা অবাক হয়ে যাবেন।”
তামিম বলেন, পরিস্থিতি মূল্যায়নের জন্য যারা সরাসরি সেই সময় পরিস্থিতি সামলাচ্ছিলেন, কেবল তাদের কাছেই পুরো তথ্য ছিল। তিনি মনে করেন, বিষয়টি আরও সতর্কতার সঙ্গে সামলানো যেত।
তিনি খেলাধুলাকে রাজনীতির ঊর্ধ্বে রাখার ওপর জোর দিয়ে বলেন, “খেলাধুলার সঙ্গে অপ্রয়োজনীয় বিষয় টেনে আনা উচিত নয়।” উদাহরণ হিসেবে তিনি যুদ্ধ চলাকালীন ইরানের যুক্তরাষ্ট্রে খেলার কথা উল্লেখ করেন।
শেষে তামিম স্পষ্টভাবে বলেন, “বাংলাদেশ দলের অবশ্যই বিশ্বকাপে খেলা উচিত ছিল এবং বিষয়টি আরও দক্ষতার সঙ্গে আলোচনা করে সমাধান করা সম্ভব ছিল।”
অনলাইন ডেক্স 























