মাত্র ২৭ বছর বয়সে ভারতীয় অভিনেত্রী অনন্যা রাজের জীবন থেমে গেল। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নানা সমস্যার সঙ্গে লড়াই করছিলেন এবং গত ১৫ জুলাই ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়।
অনন্যার মৃত্যুর খবর তার পরিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্ট্রাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করে। সেখানে জানানো হয়, তিনি এক বছরেরও বেশি সময় ধরে শারীরিক ও মানসিক অস্বস্তির মধ্যে ছিলেন, তবে প্রতিকূলতার মধ্যেও সাহস ধরে রাখার চেষ্টা করেছেন।
মৃত্যুর খবর প্রকাশের পাশাপাশি পরিবার অনন্যার আত্মার শান্তির জন্য সবার কাছে প্রার্থনা চেয়েছে এবং এই শোকের সময়ে তাদের ব্যক্তিগত পরিসর ও নীরবতা সম্মান করার অনুরোধ করেছে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেও এই খবর নিশ্চিত করেছে।
মুম্বাইয়ে বেড়ে ওঠা অনন্যা ২০১৬ সালে ‘সেভেন আওয়ার্স টু গো’ সিনেমার মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন। এরপর ‘দ্য ফাইনাল এক্সিট’ ও ‘ঘোস্ট’-এর মতো সিনেমায় অভিনয় করেন।
তিনি শুধু সিনেমায় অভিনয় করেননি, বরং বিভিন্ন জনপ্রিয় সংগীতচিত্রেও কাজ করেছেন। ২০২২ সালে মুক্তি পাওয়া তেলুগু সিনেমা ‘থাগ্গেদে লে’-তে অভিনয় করেন এবং ‘মাদ্রাজি গ্যাং’ সিনেমায়ও গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন।
অনন্যার আকস্মিক মৃত্যু তার সম্ভাবনাময় ক্যারিয়ারের পথে একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তার চলে যাওয়ার খবরে পরিবার, সহকর্মী ও অনুরাগীদের মধ্যে শোক নেমে এসেছে।
অনলাইন ডেক্স 























