কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকের টাকার জন্য নিজের বৃদ্ধা মাকে হত্যা করার দায়ে মো. আবু বক্কর সিদ্দিক (৪৬)-কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে কুমিল্লার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সাবরিনা নার্গিস এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
২০২০ সালের ১১ অক্টোবর চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের পাশাকোট গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। মাদকাসক্ত আবু বক্কর সিদ্দিক ঘটনার দিন তার ৮০ বছর বয়সী মা মোছা. খায়েরা বেগমের ওপর ক্ষিপ্ত হয়ে জোহরের নামাজের সময় সেজদায় থাকা অবস্থায় কুড়াল দিয়ে হামলা চালান, যার ফলে তার মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের পর স্থানীয়রা আবু বক্কর সিদ্দিককে আটক করে পুলিশে সোপর্দ করেন। চৌদ্দগ্রাম থানায় নিহতের বড় ছেলে মাওলানা আবুল কাশেম বাদী হয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০২১ সালে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
বিচারিক প্রক্রিয়ায় ১০ জন সাক্ষীর সাক্ষ্য ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা করে আদালত আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ড দেন। রায় ঘোষণার পর মামলার বাদী মাওলানা আবুল কাশেম সন্তোষ প্রকাশ করে দণ্ডপ্রাপ্তের সাজা দ্রুত কার্যকরের দাবি জানান। আবু বক্কর সিদ্দিককে কড়া পুলিশি পাহারায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
অনলাইন ডেক্স 























