এমপি নুসরাতের বাড়িতে আগুন — সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটি অধিকতর তদন্তের সুপারিশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিয়েছে। আজ বুধবার (২৫ নভেম্বর) প্রতিবেদনটি ঢাকায় পাঠানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক তদন্ত কমিটির একটি সূত্রে জানা গেছে, আগুনের সূত্রপাত বা প্রকৃত কারণ সুনির্দিষ্টভাবে শনাক্ত করতে না পারায় কমিটি আরও অধিকতর তদন্তের সুপারিশ করেছে। প্রতিবেদনে নুসরাতের বাড়িতে আগুন লাগার সম্ভাব্য চার থেকে পাঁচটি কারণ চিহ্নিত করে সেগুলো খতিয়ে দেখার কথাও বলা হয়েছে।
তদন্ত কমিটি আগুনে নাশকতার প্রমাণ এবং পেট্রল বোমা হামলায় আগুন লাগার সম্ভাবনা অত্যন্ত কম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই তথ্যগুলো তদন্তের সময় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে।
গত ১১ নভেম্বর মধ্যরাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের নুসরাতের বাড়িতে আগুন লাগার পর এ ঘটনায় নুসরাত তাবাসসুম দৌলতপুর থানায় নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের আট নেতার নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনকে আসামি করে একটি মামলা করেন।
মামলায় তিনি তার পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার উদ্দেশ্য বিস্ফোরণের মাধ্যমে অগ্নিসংযোগের অভিযোগ করেছিলেন। এই ঘটনার পর ১২ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে তিন দিনের মধ্যে রিপোর্ট দিতে বলে।
তদন্ত কমিটি পরে আরও সাতদিন বর্ধিত সময় শেষে আজ প্রতিবেদন জমা দেয়। তদন্ত কমিটির আহ্বায়ক জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, তদন্তে ঘটনাস্থল পরিদর্শন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং স্থানীয় বাসিন্দাদের বক্তব্য নেওয়া হয়।
তিনি আরও জানান, তদন্ত শেষে রিপোর্টটি সিলগালা করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং মন্ত্রণালয় রিপোর্ট প্রকাশ করবে। তদন্তের ফলাফল প্রকাশের পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
অনলাইন ডেক্স 




















