তাওহীদ হৃদয়ের বিরুদ্ধে আইসিসির — দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে সেঞ্চুরি করার পর বাংলাদেশি ব্যাটার তাওহীদ হৃদয়কে আইসিসির আচরণবিধি লঙ্ঘনের জন্য জরিমানা করা হয়েছে। ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা এবং তাঁর শৃঙ্খলা রেকর্ডে যোগ হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট।
ঘটনাটি ঘটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টের চতুর দিনে। খারাপ আলোর কারণে খেলা বন্ধ হওয়ার পর, অন-ফিল্ড আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফ বাংলাদেশের ড্রেসিংরুমের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় হৃদয়কে আম্পায়ারদের সিদ্ধান্তের সমালোচনা করতে শোনা যায়। তিনি বলেন, খেলা আরও আগেই বন্ধ করা উচিত ছিল।
আইসিসির বিজ্ঞপ্তি অনুযায়ী, হৃদয়ের ব্যবহৃত ভাষা ছিল ‘আক্রমণাত্মক ও অশোভন’। এ কারণে তাঁকে আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড় সহায়তা কর্মীদের আচরণবিধির ২.৮ অনুচ্ছেদ লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করা হয়। এই অনুচ্ছেদ আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসম্মতি প্রদর্শনের সঙ্গে সম্পর্কিত।
হৃদয় নিজের দোষ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন। গত ২৪ মাসে এটি তাঁর প্রথম এ ধরনের অপরাধ। আইসিসির নিয়ম অনুযায়ী, লেভেল-১ পর্যায়ের অপরাধে আনুষ্ঠানিক সতর্কবার্তা থেকে শুরু করে ম্যাচ ফির সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়ার বিধান রয়েছে।
তবে ব্যক্তিগত পারফরম্যান্সের দিক থেকে জোহানেসবার্গ টেস্টে হৃদয় ছিলেন উজ্জ্বল। তিনি প্রথম ইনিংসে ২২৭ বলে ১৩৭ রান করেন। বাংলাদেশ ২২ রানে তিন উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ার পর, হৃদয় ক্রিজে এসে দলকে ৪০০ রানের সংগ্রহ গড়তে সহায়তা করেন।
শেষ পর্যন্ত বাংলাদেশ পঞ্চম দিনে দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটে হারে। সিরিজের দ্বিতীয় টেস্ট আগামী ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে শুরু হবে। এরপর দুই দল তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে।
অনলাইন ডেক্স 

























