মণিপুরে ভেজাল মদ পানে — ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলায় ভেজাল মদ পানের অভিযোগে তিন দিনের মধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রায় ১৫০ জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ।
শুক্রবার বার্তা সংস্থা এএনআইকে চান্দেল জেলা সদর দফতরের সুমিল লাংহু এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইম্ফলের শিজা হাসপাতালে প্রায় ১৫০ জন রোগী চিকিৎসা নিতে এসেছেন। বাবিনা হাসপাতালেও আরও অনেকে একই ধরনের চিকিৎসা নিচ্ছেন।
লাংহু বলেন, গত দুই থেকে তিন দিনের মধ্যে এই ঘটনা ঘটেছে। তার তথ্য অনুযায়ী, মদ পানের কারণেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে মদটি কোথা থেকে এসেছে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি।
চান্দেল জেলা পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, মৃত ব্যক্তিরা যে মদ পান করেছিলেন, তা কাকচিং জেলার সুগনু এলাকা থেকে সংগ্রহ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তবে চান্দেলে স্থানীয়ভাবে মদ তৈরি বা উৎপাদনের কোনও তথ্য জানা নেই।
বৃহস্পতিবার চান্দেলের জেলা প্রশাসক জনস্বাস্থ্যবিষয়ক সতর্কতা জারি করেন। সতর্কবার্তায় বলা হয়েছে, স্থানীয়ভাবে তৈরি মদ কিংবা সন্দেহজনক মদ্যপ পানীয় পান করা থেকে বিরত থাকতে হবে। এছাড়া, মদ পানের পর কারও বমি, পেটে ব্যথা, মাথাব্যথা, মাথা ঘোরা, ঝাপসা দেখা কিংবা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নিতে হবে।
মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং পরিস্থিতি দেখতে ইম্ফল পশ্চিমের শিজা হাসপাতাল ও ইম্ফল পূর্বের বাবিনা হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে তিনি আক্রান্ত রোগী ও চিকিৎসা দলের সদস্যদের সঙ্গে কথা বলেন।
মুখ্যমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, সরকার এ ঘটনার তদন্ত করবে এবং দায়ীদের শাস্তি দেওয়া হবে। তিনি এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন এবং আক্রান্তদের দ্রুত সুস্থতা কামনা করেন।
অনলাইন ডেক্স 
























