প্রধানমন্ত্রী তারেক রহমান ও — প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং-এর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে বাংলাদেশে চীনের বিনিয়োগ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকটি তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ৩১) সাইডলাইনে অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
এর আগে, প্রধানমন্ত্রী কপ৩১ সম্মেলনস্থলে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন। সেখানে তিনি পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী এবং পরিবেশ সংরক্ষণে বাংলাদেশের বিভিন্ন উদ্যোগের প্রদর্শনী দেখেন।
সন্ধ্যায়, বিশ্বনেতাদের সম্মানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের আয়োজিত নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী আনতালিয়া এক্সিবিশন সেন্টারে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলনের (কপ৩১) বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দেন। স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে সম্মেলনস্থলে পৌঁছালে আয়োজকরা তাকে স্বাগত জানান।
উদ্বোধনী অধিবেশনের আগে, প্রধানমন্ত্রী লিডার্স লাউঞ্জে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার জ্যেষ্ঠ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় তিনি বিশ্বনেতাদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত ও অনানুষ্ঠানিক আলোচনা করেন।
এই বৈঠক এবং সম্মেলন বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
অনলাইন ডেক্স 























