খাদ্য মূল্যস্ফীতি ৫৪ মাসের — বাংলাদেশে খাদ্য মূল্যস্ফীতির চাপ উল্লেখযোগ্যভাবে কমেছে। গত অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি ৬ দশমিক ৪০ শতাংশে নেমে এসেছে, যা গত ৫৪ মাসের মধ্যে সর্বনিম্ন। নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম কমায় সাধারণ ভোক্তাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিবিএসের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ২২ শতাংশ। এক মাসের ব্যবধানে তা কমেছে ০ দশমিক ৮২ শতাংশীয় পয়েন্ট। একই সময়ে দেশের সার্বিক পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতিও কমে ৮ দশমিক ২৭ শতাংশে দাঁড়িয়েছে, যা সেপ্টেম্বরে ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ।
খাদ্যপণ্যের বাজারে দাম কমার প্রবণতা সার্বিক মূল্যস্ফীতি হ্রাসেও ভূমিকা রেখেছে। অক্টোবরে গ্রাম ও শহর উভয় অঞ্চলে খাদ্য মূল্যস্ফীতি কমেছে। বিবিএসের হিসাবে, গ্রামাঞ্চলে খাদ্য মূল্যস্ফীতি সেপ্টেম্বরে ৭ দশমিক ১৮ শতাংশ থাকলেও অক্টোবরে তা কমে ৬ দশমিক ৩৭ শতাংশ হয়েছে। অন্যদিকে, শহরাঞ্চলে এ হার ৭ দশমিক ২৫ শতাংশ থেকে কমে ৬ দশমিক ৪২ শতাংশে নেমেছে।
অক্টোবরে বোয়াল, আইড়, বাইল্যা ও কই মাছ, তরল দুধ, বেগুন, লাউ, মিষ্টিকুমড়া, গাজর, শসা ও মুলার দাম কমেছে। এ ছাড়া পোশাক, স্বর্ণ ও রুপার দামও হ্রাস পেয়েছে। বিশেষ করে ২২ ক্যারেট স্বর্ণের দাম কমেছে।
বিবিএসের ন্যাশনাল অ্যাকাউন্টিং উইংয়ের পরিচালক (চলতি দায়িত্ব) শাহাবুদ্দিন সরকার বলেন, বিবিএসের তথ্যে মূল্যস্ফীতির যে প্রবণতা উঠে এসেছে, তা বাজারের বর্তমান পরিস্থিতিরই প্রতিফলন।
তবে খাদ্য মূল্যস্ফীতি কমলেও খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতির হার বেড়েছে। সেপ্টেম্বরে এ খাতের মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৩০ শতাংশ, যা অক্টোবরে বেড়ে ৯ দশমিক ৮৯ শতাংশ হয়েছে। গ্রামাঞ্চলে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৫৭ শতাংশ থেকে বেড়ে ১০ দশমিক ২১ শতাংশে দাঁড়িয়েছে। শহরাঞ্চলে এ হার ৮ দশমিক ৯৪ শতাংশ থেকে বেড়ে ৯ দশমিক ৪৮ শতাংশ হয়েছে।
খাদ্য মূল্যস্ফীতি কমার প্রভাবে সার্বিক পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতিও কিছুটা হ্রাস পেয়েছে। অক্টোবরে এ হার দাঁড়িয়েছে ৮ দশমিক ২৭ শতাংশে, যা সেপ্টেম্বরে ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। তবে গত বছরের একই সময়ে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ১৭ শতাংশ।
এদিকে, মাসভিত্তিক হিসাবে অক্টোবরে সার্বিক ভোক্তা মূল্যসূচক (সিপিআই) বেড়ে ১৫৬ দশমিক ১৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সেপ্টেম্বরে এ সূচক ছিল ১৫৩ দশমিক ৩৩ পয়েন্ট। একই সময়ে মাসভিত্তিক মূল্যস্ফীতি ১ দশমিক ১২ শতাংশ থেকে বেড়ে ১ দশমিক ৮২ শতাংশ হয়েছে।
অন্যদিকে, অক্টোবরে সামুদ্রিক মাছ, বরবটি, পাকা পেঁপে, মসুর ডাল, মুগ ডাল, গৃহস্থালি প্রয়োজনীয় সামগ্রী, জ্বালানি তেল ও বোতলজাত গ্যাসের দাম বেড়েছে। এসব পণ্যের মধ্যে জ্বালানি তেলের দাম সবচেয়ে বেশি বেড়েছে।
বিবিএস ৩৮৩টি পণ্যের ৭৪৯টি ধরন বিবেচনায় নিয়ে ভোক্তা মূল্যসূচক (সিপিআই) তৈরি করে। এর মধ্যে ২৪২টি খাদ্যপণ্য এবং ৫০৭টি খাদ্যবহির্ভূত পণ্য রয়েছে। প্রতি মাসের ১১ থেকে ১৯ তারিখ পর্যন্ত মহানগর, জেলা শহর ও গ্রামীণ এলাকার হাটবাজারসহ ১৫৪টি বাজার থেকে এসব পণ্যের দাম সংগ্রহ করা হয়।
দেশের বাজারে এক দিনের ব্যবধানে আবারও কমেছে সোনার দাম। দ্বিতীয় দফায় সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছে। এতে ভ্যাটসহ এ মানের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় অলংকারের বিক্রয়মূল্য সমন্বয় করেছে বাজুস। সংগঠনটির নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৬২৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা।
১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ২ হাজার ২১৬ টাকা কমে হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা। তবে সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে।
অনলাইন ডেক্স 























