চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ফিরেছেন সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম। তিনি উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ক্যাম্পাসে প্রবেশ করেন।
অধ্যাপক সায়েম মঙ্গলবার সকালে ঢাকা থেকে বিমানে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এবং সেখান থেকে সরাসরি চুয়েট ক্যাম্পাসে যান। ক্যাম্পাসে প্রবেশের সময় শিক্ষার্থীরা ‘সায়েম স্যার, সায়েম স্যার’ স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান।
চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অধ্যাপক সায়েমের পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। একই দাবিতে শিক্ষক সমিতিও বিবৃতি দিয়েছে। তবে নতুন উপাচার্যের ক্যাম্পাসে আসার বিষয়ে প্রশাসনকে এখনও কিছু জানানো হয়নি।
এর আগে, মঙ্গলবার সকাল থেকে চুয়েটের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তারা ফটকে তালা ঝুলিয়ে দেন এবং বৃষ্টির মধ্যেও সেখানে অবস্থান করতে দেখা যায়।
আন্দোলনরত যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাকিব হাসান বলেন, অধ্যাপক সায়েমকে পূর্ব কোনো কারণ দর্শানো ছাড়াই সরিয়ে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে গতকাল রাত থেকেই তাদের প্রতিবাদ কর্মসূচি চলছে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।
গত সোমবার রাতে অধ্যাপক সায়েমকে চুয়েটের উপাচার্য পদ থেকে সরিয়ে দেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। তারা নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদ জানান।
অনলাইন ডেক্স 






















