বরিশালে জেলা আইনজীবী সহকারী (মুহুরী) সমিতির সাধারণ সম্পাদক নুরুজ্জামান হাওলাদার (৫৫) হত্যাকাণ্ডের ঘটনায় তার পলাতক স্ত্রী নাসিমা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানী ঢাকার ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার আইচ জানান, তথ্য-প্রযুক্তির সহায়তায় নাসিমা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি স্বামী নুরুজ্জামান হত্যা মামলার একমাত্র এজারভুক্ত আসামি। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
গত ১৪ সেপ্টেম্বর দিবাগত রাতে বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের বঘিয়া ইছাকাঠি কলোনির একটি ভবনের তৃতীয় তলার বাইরে থেকে নুরুজ্জামানের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় আঘাত এবং রক্তাক্ত অবস্থায় ছিল।
এ ঘটনার পর থেকেই নাসিমা বেগম আত্মগোপনে ছিলেন। ১৫ সেপ্টেম্বর নিহতের ভাই মো. কামরুজ্জামান ছায়েম এয়ারপোর্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযানে নাসিমাকে গ্রেপ্তার করে।
এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, নাসিমা বেগম হত্যার দায় স্বীকার করেছেন এবং দাবি করেছেন যে, তার স্বামীর অন্য নারীদের সঙ্গে সম্পর্ক ছিল। পারিবারিক বিরোধের জেরে তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। আসামি দায় স্বীকার করায় তার রিমান্ড চাওয়া হচ্ছে না বলে জানান পুলিশ কর্মকর্তা।
অনলাইন ডেক্স 























