খুলনায় নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. আজমুল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মহানগরীর এম এ বারী সড়কে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, সামান্য খাবার নিয়ে অভিযোগ তুলে একজন শিক্ষার্থীকে নির্মমভাবে হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা দাবি করেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীরা বলেন, আজমুলের মৃত্যু শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতার ভয়াবহ দৃষ্টান্ত।
নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কানাই লাল বলেন, ভাত চুরির অভিযোগে আজমুলকে বেধড়ক প্রহার করা হয়েছে এবং পরে তাকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে। তিনি জানান, ঘটনার সঙ্গে একাধিক শিক্ষার্থীর সংশ্লিষ্টতার বিষয় উঠে এসেছে। উপাচার্য অমানবিক নির্যাতন ও হত্যার তীব্র নিন্দা জানিয়ে সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেপ্তার এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে তাদের বিচার কার্যকরের দাবি জানান।
এদিকে, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বলেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে বিষয়টি জানাবেন। আন্দোলনরত শিক্ষার্থী শেখ তাশিক আহমেদ জানান, প্রশাসন ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার এবং ৩০ দিনের মধ্যে চার্জশিট দাখিলের আশ্বাস দিয়েছে।
গত ১৮ সেপ্টেম্বর রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলের বিপরীতে আজমুল হোসেনের মৃত্যুর ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, মেসে মিল না দিয়ে ভাত খাওয়ার অভিযোগে তাকে মারধর করা হয় এবং পরে তাকে ভবনের চতুর্থ তলা থেকে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
অনলাইন ডেক্স 





















