বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিজিসিসিআই) এবং জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ জুলকার নাইনের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এই আলোচনা বাংলাদেশে জার্মান বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং দুই দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে অংশীদারত্ব জোরদার করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকায় বিজিসিসিআই কার্যালয়ে এই আলোচনা অনুষ্ঠিত হয়। এতে চেম্বারের পরিচালনা পর্ষদের সদস্য, সাবেক সভাপতি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ঊর্ধ্বতন প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী কয়েকটি শীর্ষস্থানীয় জার্মান কোম্পানিও উপস্থিত ছিল।
আলোচনার শুরুতে বিজিসিসিআইর সভাপতি মো. রোকনুজ্জামান, এফসিএ স্বাগত বক্তব্য দেন। পরে জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক খান বাংলাদেশ ও জার্মানির মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক জোরদারে চেম্বারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। রাষ্ট্রদূত মুহাম্মদ জুলকার নাইন তার উপস্থাপনায় জার্মানিতে বাংলাদেশ দূতাবাসের বিনিয়োগ আকর্ষণ সংক্রান্ত বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।
রাষ্ট্রদূত জার্মানির কাছে বাংলাদেশের কৌশলগত গুরুত্ব তুলে ধরেন এবং জাতিসংঘে বাংলাদেশের প্রার্থিতার প্রতি জার্মান সরকারের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, যৌথ উদ্যোগ, প্রযুক্তিগত সহযোগিতা এবং ব্যবসায়িক সংযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
অংশগ্রহণকারীরা নিয়মিত ব্যবসায়িক প্রতিনিধিদল বিনিময়, বিজনেস-টু-বিজনেস (বি২বি) ম্যাচমেকিং, বাণিজ্য মেলায় অংশগ্রহণ এবং বিনিয়োগ-সহায়ক কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন। বিজিসিসিআই ও বাংলাদেশ দূতাবাস ভবিষ্যতেও দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং বাংলাদেশে জার্মান বিনিয়োগ উৎসাহিত করতে যৌথভাবে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।
অনলাইন ডেক্স 























