ঢাকা-রংপুর লংমার্চের মাধ্যমে জামায়াতে ইসলামী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, এ কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ করে দেওয়া হচ্ছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ নিহত হওয়ার স্থান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন দাবি করেন, জামায়াত রাজনৈতিকভাবে হঠকারী দল হিসেবে পরিচিত। সরকারের কার্যক্রম জনগণের কাছে প্রশংসিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তার মতে, এ অবস্থায় সরকারের বিরুদ্ধে লংমার্চের মতো কর্মসূচি নেওয়া যৌক্তিক নয়।
তিনি জামায়াতের আমিরের ডিসেম্বর থেকে সরকার পতনের আন্দোলনের কথা উল্লেখ করে প্রশ্ন তোলেন, দলটি সরকারবিরোধী আন্দোলনের কোনো পরিকল্পনা করছে কি না। জামায়াতের উদ্দেশে তিনি বলেন, লংমার্চের কর্মসূচি জনবান্ধব হলে ঢাকা থেকে রংপুর পর্যন্ত হেঁটে আসা উচিত।
লংমার্চের কারণে জনভোগান্তি ও অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা প্রকাশ করে রাশেদ খাঁন বলেন, সাত দফা দাবির জন্য রাস্তাঘাট বন্ধ করে এমন কর্মসূচির প্রয়োজন নেই। তিনি দাবি করেন, লংমার্চের নামে রাস্তাঘাট বন্ধ করে সরকারকে দেশ পরিচালনায় অসহযোগিতা করা হচ্ছে।
এর আগে রাশেদ খাঁন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান ও পরিধি বাড়াতে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শন করে রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন।
অনলাইন ডেক্স 























