দীর্ঘ চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতির দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে বাংলাদেশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। দায়িত্ব গ্রহণের পর তার সভাপতিত্বেই নতুন এই অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
দায়িত্ব নেওয়ার প্রাক্কালে অধিবেশনে নিজের কর্মপরিকল্পনা ও অগ্রাধিকারের রূপরেখা তুলে ধরেন ড. খলিলুর রহমান। গত ২ জুন অনুষ্ঠিত নির্বাচনে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকোরিসকে পরাজিত করে তিনি সভাপতি নির্বাচিত হন। ওই ভোটাভুটিতে বাংলাদেশের প্রার্থী ৯৯টি দেশের সমর্থন লাভ করেন।
সাধারণ পরিষদের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২২ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বিশ্বনেতাদের অংশগ্রহণে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক পর্ব। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের উপস্থিতিতে অনুষ্ঠিত হতে যাওয়া এ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন।
সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়া ড. খলিলুর রহমান একজন অভিজ্ঞ কূটনীতিক, যার জাতিসংঘে কাজের সুদীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ১৯৯১ সালে জেনেভায় জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনের (আঙ্কটাড) বিশেষ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে তার জাতিসংঘে সম্পৃক্ততা শুরু হয়।
বাংলাদেশ ২০২০ সালে সাধারণ পরিষদের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেয়। চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি ড. খলিলুর রহমানকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত করা হয়। প্রার্থিতা ঘোষণার পর আন্তর্জাতিক মহলে নিবিড় যোগাযোগ ও কার্যকর কূটনৈতিক তৎপরতার মাধ্যমে বৈশ্বিক সমর্থন অর্জনে সক্ষম হয় ঢাকা।
অনলাইন ডেক্স 




















