সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন সেনা ও হেলিকপ্টারকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরান। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, আল মিনহাদ বিমানঘাঁটিতে কয়েক ডজন বিস্ফোরক ড্রোন ব্যবহার করে এই হামলা করা হয়েছে।
রোববার ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনী। ইরানের সংবাদ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, হামলার লক্ষ্য ছিল আল মিনহাদ ঘাঁটির সেইসব এলাকা, যেখানে মার্কিন সামরিক সদস্য ও হেলিকপ্টার রাখা হয়।
ইরানের সেনাবাহিনী আরও জানিয়েছে, লারাক দ্বীপে মার্কিন হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ডের সদস্য ও বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে, যার জবাবে এই হামলা চালানো হয়েছে।
এদিকে, ইরানের রেভল্যুশনারি গার্ড দাবি করেছে, হরমুজ প্রণালির ওপর একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ক্ষেপণাস্ত্র ছুড়ে ভূপাতিত করা হয়েছে। তারা জানিয়েছে, ড্রোনটি উপসাগরের পানিতে বিধ্বস্ত হয়েছে।
মার্কিন কর্মকর্তাদের দাবি, লারাক দ্বীপে হামলার উদ্দেশ্য ছিল এমন কিছু ব্যবস্থা ধ্বংস করা, যা হরমুজ প্রণালিতে সমুদ্রের নিচে মাইন পেতে দেওয়ার জন্য ব্যবহার করা হতে পারে।
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, ইরান যুদ্ধ চায় না, তবে কোনো আগ্রাসনের মুখে তারা নীরব থাকবে না। তিনি আরও হামলা হলে তার ‘দৃঢ় জবাব’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
অনলাইন ডেক্স 

















