মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে রাজনৈতিক ভাওতাবাজি বলে অভিহিত করেছেন। তিনি দাবি করেছেন, এই ঘোষণা শুধুমাত্র দলীয় কর্মীদের চাঙ্গা করার উদ্দেশ্যে দেওয়া হয়েছে।
শনিবার (১ আগস্ট) এফডিসিতে অনুষ্ঠিত একটি ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জুলাই মাসের গণহত্যায় আওয়ামী লীগের রাজনৈতিক, সামাজিক ও নৈতিক পরাজয় ঘটেছে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ গণতন্ত্রের পরিবর্তে ফ্যাসিজমের দিকে ধাবিত হয়েছে।
তিনি আরও জানান, আওয়ামী লীগের রাজনৈতিক কৌশল ভুল ছিল এবং তারা মুক্তিযুদ্ধকে বিক্রি করে ও এক ব্যক্তির পূজার মাধ্যমে ক্ষমতায় টিকে ছিল। আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের গ্রহণযোগ্যতা হারানোর কথাও উল্লেখ করেন তিনি।
এছাড়া, ইশরাক হোসেন বলেন, ৫ আগস্টের পরে আওয়ামী গোষ্ঠী সামাজিকভাবে লুকিয়ে থাকলেও তাদের দোসররা প্রশাসন, ব্যবসা-বাণিজ্য ও সাংস্কৃতিক অঙ্গনে অবস্থান করছে। তিনি সতর্ক করেন যে, গণতন্ত্রের স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য গড়ে তোলা প্রয়োজন।
ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতার্কিকরা বিজয়ী হন। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সাংবাদিকরা।
অনলাইন ডেক্স 






















