বিএনপি ভদ্রলোকের দল দাবি — কৃষি ও মৎস্য মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বিএনপি একটি ভদ্রলোকের দল এবং গরিবের দল, যারা গত ১৭ বছরে চুরি করে খায়নি। শনিবার (২৮ নভেম্বর) যশোরের ভবদহ স্লুইস গেট পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে আলোচনা চলছে। তিনি জানান, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সরকারি কর্মকর্তাদের মধ্যে এ সমস্যা সমাধানে ব্যাপক আগ্রহ রয়েছে। কৃষিমন্ত্রী আশা প্রকাশ করেন যে, আগামী এক থেকে দুই বছরের মধ্যে এলাকার অধিকাংশ জমি পুনরায় চাষাবাদের আওতায় আনা সম্ভব হবে।
ভবদহের জলাবদ্ধতা নিরসনে টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, দীর্ঘমেয়াদি সমাধানের অপেক্ষায় কৃষিজমি অনাবাদি রাখা যাবে না। বিএডিসির মাধ্যমে নেওয়া সহযোগী প্রকল্পের লক্ষ্য হচ্ছে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা।
মন্ত্রী আরও জানান, বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা নিরসন ও সেচ এলাকা উন্নয়নে ২৯৯ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় ১৭ হাজার ২০০ হেক্টর জমিতে সেচ সুবিধা সম্প্রসারণের মাধ্যমে বছরে অতিরিক্ত ৭০ হাজার ৬০৯ মেট্রিক টন খাদ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ভবদহ অঞ্চলের কৃষি উৎপাদনের সম্ভাবনা নিয়ে মন্ত্রী বলেন, এই অঞ্চলের মাটি অত্যন্ত উর্বর এবং রসুন উৎপাদনের জন্য বিশেষ সম্ভাবনাময়। তিনি আশা করেন, পরিকল্পিতভাবে রসুন উৎপাদন বাড়ানো গেলে দেশের রসুন আমদানির ওপর নির্ভরশীলতা কমানো সম্ভব হবে।
মন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে জনগণের কল্যাণ নিশ্চিত করাই সরকারের প্রধান দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমান ভবদহ অঞ্চলের মানুষের দুর্ভোগ সম্পর্কে অবগত রয়েছেন এবং সরকার জলাবদ্ধতার সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করতে চায়।
সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান, মন্ত্রিপরিষদ সচিব জনাব নাসিমুল গণি, যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বক্তব্য রাখেন। এ সময় কেশবপুর-৬ আসনের সংসদ সদস্য মোক্তার আলী, মণিরামপুর-৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক, কৃষি সচিব সেলিম খান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী রুহুল আমিন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনলাইন ডেক্স 
























