গোপালগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার — গোপালগঞ্জে আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় দলের নেতাকর্মীরা মশালমিছিল করার পর সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জেলার বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করেছে। শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বিভিন্ন স্থানে নিরাপত্তা চৌকি বসানো হয়েছে এবং নিয়মিত টহল চলছে। বিশেষ করে জেলা প্রশাসকের কার্যালয়, আদালত প্রাঙ্গণ, ঘোনাপাড়া ও অন্যান্য গুরুত্বপূর্ণ অফিস এবং সড়কগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) ও সোমবার (৩০ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ গোপালগঞ্জে লকডাউনের ডাক দিয়েছে। এই দুই দিনের লকডাউন কর্মসূচি ঘিরে সহিংসতা ও নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব ধরনের ব্যবস্থা নিয়েছে। তবে শনিবার বিকাল পর্যন্ত জেলার জনজীবন স্বাভাবিক ছিল।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নিরাপত্তার জন্য পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), বিজিবি, আনসার ব্যাটালিয়ন ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করছেন। নিরাপত্তা জোরদার হলেও সাধারণ মানুষের মধ্যে কর্মসূচি নিয়ে উদ্বেগ রয়েছে। নিম্নআয়ের মানুষজন জীবিকা ও ব্যবসা-বাণিজ্য নিয়ে দুশ্চিন্তায় আছেন।
শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত শহরের বিভিন্ন সড়ক ও বাজারে মানুষের চলাচল এবং যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। শহরের রিকশাচালক আরিফুল ইসলাম বলেন, ‘আন্দোলন ও কর্মসূচির কারণে যাত্রী কমে গেলে সংসার চালানো কঠিন হয়ে পড়ে।’
এদিকে, টানা তৃতীয় দিনের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে লেনদেনের সমস্যায় ভোগান্তিতে আছেন গ্রাহকরা। গোপালগঞ্জ শহরের বিকাশ এজেন্ট সুজন মুন্সি জানান, ‘লেনদেন করতে না পারায় ব্যবসা প্রায় স্থবির হয়ে পড়েছে।’
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম এখনও স্বাভাবিক হয়নি। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। টুঙ্গিপাড়ার বাসিন্দা জাকির হোসেন বলেন, ‘থানার কার্যক্রম বন্ধ থাকলে পুলিশের সেবা পাবো কীভাবে?’
গোপালগঞ্জ থেকে ঢাকা ও রাজশাহীগামী ট্রেন চলাচল এখনও বন্ধ রয়েছে। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকলেও অনলাইনে পাঠদান অব্যাহত আছে।
জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তায় ১৫ প্লাটুন আনসার ব্যাটালিয়নের সদস্য মোতায়েন রয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়, জেলা কারাগার, সার্কিট হাউস ও জেলা পরিষদসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে তারা দায়িত্ব পালন করছেন।
গোপালগঞ্জের আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট এস এম রায়হান হেলাল জানান, নিরাপত্তা নিশ্চিত করতে ১৫ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী যেকোনো ঘটনা মোকাবিলায় সদস্যরা প্রস্তুত আছেন।
এছাড়া, গোপালগঞ্জে ৫৫ প্লাটুন বিজিবি এবং ২৩৫০ পুলিশ সদস্যের পাশাপাশি এসআরবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তারা বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছেন।
অনলাইন ডেক্স 

























