স্পেনের জাতীয় নির্বাচনে রাজনৈতিক — স্পেনের জাতীয় নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন দেশটির নাগরিকেরা। রবিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ও তাঁর বিরোধী দলগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে। এবারের নির্বাচনে ডানপন্থীদের ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি হওয়ায় রাজনৈতিক অঙ্গনে ভোটের ফলাফল নিয়ে বাড়তি গুরুত্ব দেখা যাচ্ছে।
স্বৈরশাসক ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর একনায়কতন্ত্রের অবসানের প্রায় ৫০ বছর পর স্পেনের জাতীয় সরকারে কট্টর ডানপন্থীদের অংশগ্রহণের পথ খুলে যেতে পারে এই নির্বাচনের মাধ্যমে। সানচেজের আট বছরের শাসনামল নিয়ে দেশটিতে দুটি ভিন্ন রাজনৈতিক বয়ান তৈরি হয়েছে। তাঁর সমর্থকরা দাবি করছেন, সানচেজের নেতৃত্বে স্পেন সামাজিক অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে উঠেছে।
অন্যদিকে, রক্ষণশীল ও কট্টর ডানপন্থী বিরোধীরা অভিযোগ করেছেন, বছরের পর বছর দুর্নীতি ও রাজনৈতিক সুবিধাবাদের কারণে দেশটির আমূল পরিবর্তন প্রয়োজন। স্পেনের রাজনৈতিক ও সাংবিধানিক অধ্যয়ন কেন্দ্রের রাষ্ট্রবিজ্ঞানী আলভারো সানচেজ-গার্সিয়া আল জাজিরাকে বলেন, এবারের নির্বাচনকে কার্যত সানচেজের নেতৃত্বের পক্ষে বা বিপক্ষে গণভোটের মতো করে উপস্থাপন করা হয়েছে।
তিনি উল্লেখ করেন, এমন বিভাজনমূলক নির্বাচনী প্রচারে ভোটাররা সাধারণত নিজেদের রাজনৈতিক শিবিরের মধ্যেই দল পরিবর্তন করেন। বামপন্থী থেকে ডানপন্থী কিংবা ডানপন্থী থেকে বামপন্থী শিবিরে ভোটারদের চলে যাওয়ার ঘটনা তুলনামূলকভাবে কম ঘটে।
জনমত জরিপগুলোতে রক্ষণশীল পিপলস পার্টি (পিপি) সবচেয়ে বেশি আসন পাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে ৩৫০ আসনের স্পেনের পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১৭৬টি আসন। সেই সংখ্যায় পৌঁছাতে দলটিকে কট্টর ডানপন্থী ভক্স পার্টির সমর্থন প্রয়োজন হতে পারে। জরিপে ভক্সকে তৃতীয় অবস্থানে দেখানো হয়েছে।
জরিপ অনুযায়ী, পিপি ও ভক্স একসঙ্গে ১৭৬ আসনের সীমা অতিক্রম করতে পারে। সে ক্ষেত্রে পিপি নেতা আলবার্তো নুনিয়েজ ফেইহোর জন্য সরকার গঠনের সুযোগ তৈরি হতে পারে। দুই দলের জোট সরকার অথবা পার্লামেন্টে ভক্সের সমর্থনে সংখ্যালঘু সরকার গঠনের সম্ভাবনাও রয়েছে।
তবে জরিপের এমন ইঙ্গিতের মধ্যেও আশাবাদী প্রধানমন্ত্রী সানচেজ। তিনি বিশ্বাস করেন, নির্বাচনের দিন বামপন্থী ভোটাররা ব্যাপকভাবে ভোট দিতে আসবেন এবং ডানপন্থীদের অগ্রযাত্রা ঠেকাতে ভূমিকা রাখবেন। ২০২৩ সালের নির্বাচনে সানচেজের দল স্প্যানিশ সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টি (পিএসওই) দ্বিতীয় অবস্থানে ছিল।
সানচেজ তাঁর বামপন্থী মিত্র এবং কাতালান ও বাস্ক অঞ্চলের কয়েকটি দলের সমর্থন নিয়ে আবারও সরকার গঠন করতে সক্ষম হন। ২০১৮ সাল থেকে ক্ষমতায় থাকা সানচেজের দাবি, তাঁর নেতৃত্বে স্পেনের অর্থনীতি আগের যেকোনো সময়ের তুলনায় ভালো অবস্থায় রয়েছে।
তিনি অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি তুলে ধরে বলেন, দেশটির অর্থনীতি শক্তিশালী অবস্থানে রয়েছে। ইউরোপীয় কমিশনের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর স্পেনের অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে ২ দশমিক ৬ শতাংশ। বিপরীতে, ইউরোজোনের দেশগুলোর সম্মিলিত প্রবৃদ্ধির পূর্বাভাস ১ দশমিক ২ শতাংশ।
অনলাইন ডেক্স 
























