জামায়াত ছেড়ে দেওয়ার কথা — কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মুফতি আমির হামজা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি বক্তব্য তুলে ধরেন, যা ভাইরাল হয়েছে। তিনি বলেন, ‘একটা মারলে দুইটা মারবো। দরকার হয় জামায়াত ছেড়ে দিব। মাইর খাওয়ার মধ্যে নেই।’
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ফটোকার্ডের মাধ্যমে এই বক্তব্য প্রকাশ করেন। তার এই বক্তব্যের পর সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। ফটোকার্ডটি রাত সাড়ে ১০টার পর তার পেজ থেকে সরিয়ে নেওয়া হয়। সরানোর আগে ফটোকার্ডটিতে প্রায় ২১ হাজার ৮০০ রিঅ্যাকশন, ১ হাজার ৯০০ মন্তব্য এবং ৪৮৩টি শেয়ার হয়েছিল।
এছাড়া, ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আমির হামজাকে বলতে শোনা যায়, ‘সবর-মবর এখন আর নেই, কোনো সবর নেই। সবর মবর এখন বাদ। না না কোনো সবর নেই, দরকার হয় জামায়াত ছেড়ে দিব। মাইর খাওয়ার মধ্যে নেই।’
এদিকে, এমপি আমির হামজার সঙ্গে তার বক্তব্য সম্পর্কে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফলে ফটোকার্ডটি সরিয়ে নেওয়ার বিষয়ে তার মন্তব্য জানা সম্ভব হয়নি।
জানা গেছে, গত বুধবার (২৫ নভেম্বর) রাতে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া ভাটাপাড়া এলাকায় শহর জামায়াতের ইউনিট সদস্য ও জামায়াত মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী মো. শাহজাহানের অফিস ও বাড়িতে হামলার ঘটনা ঘটে। হামলার সময় ব্যাপক ভাঙচুর করা হয় এবং দুটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। হামলার সময় কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনাও ঘটে।
পুলিশ ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তলের পাঁচ রাউন্ড তাজা গুলি ও ৫টি গুলির খোসা উদ্ধার করে। এ ঘটনায় জামায়াতে ইসলামীর ছয়জন স্থানীয় কর্মী আহত হন, যাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আহত ব্যক্তিদের দেখতে যান এমপি আমির হামজাসহ দলীয় নেতারা। এ সময় আহতদের সঙ্গে কথা বলার কয়েক সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে, যেখানে তিনি বলেন, ‘সবর-মবর এখন আর নেই, কোনো সবর নেই। সবর মবর এখন বাদ। না না কোনো সবর নেই, দরকার হয় জামায়াত ছেড়ে দিব। মাইর খাওয়ার মধ্যে নেই।’
অনলাইন ডেক্স 
























