চবির বিজয় ২৪ হলে — চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিজয়-২৪ হলের একটি কক্ষে এক ছাত্রীকে আটকে রেখে র্যাগিংয়ের অভিযোগ উঠেছে একই হলের তিন শিক্ষার্থীর বিরুদ্ধে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীকে অসুস্থ হয়ে পড়লে তার রুমমেটরা উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান।
অভিযুক্ত তিন শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের মোনালিসা মিতা নূর, পদার্থবিজ্ঞান বিভাগের তাহরিমা আক্তার ওমি এবং হিসাববিজ্ঞান বিভাগের সামিয়া। তাঁরা সবাই ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অন্যদিকে, ভুক্তভোগী শিক্ষার্থী ২০২২–২৩ শিক্ষাবর্ষের। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা ভুক্তভোগীর মাকড়সাভীতি জানতেন এবং এ বিষয়টি কাজে লাগিয়ে তাঁকে একটি কক্ষে নিয়ে দরজা বন্ধ করে দেন।
ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগ করেন, সেখানে আগে থেকে আটকে রাখা একটি বড় মাকড়সা তাঁর সামনে ছেড়ে দেওয়া হয়। এতে তিনি ভয়ে চিৎকার ও কান্নাকাটি করতে থাকেন। অভিযুক্তরা এ সময় হাসিঠাট্টা ও টিটকারি করেন বলে অভিযোগ করেন তিনি। ভুক্তভোগী বলেন, ‘২৩ তারিখ রাত আনুমানিক ১০টায় আমাকে মিতানুর আপু ডেকে নিয়ে যায় রুম থেকে। আমার মাকড়সার ফোবিয়া আছে, তা ওরা জানে। এরপর তারা আমাকে রুমে নিয়ে দরজা লাগিয়ে দেয়।’
তিনি আরও জানান, ঘটনার পর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং চারবার বমি করেন। তাঁর রুমমেটরা তাঁকে মেডিকেলে নিয়ে যান। ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে ওষুধ দেন। ভুক্তভোগী বলেন, ‘আমি আপাতত চিকিৎসাধীন আছি এবং মানসিকভাবে ভেঙে পড়েছি।’ তিনি অভিযোগ করেন, ঘটনার পর অভিযুক্তরা ‘মরে গেলেই ভালো হতো’—এ ধরনের মন্তব্য করেছেন।
ভুক্তভোগী বলেন, ‘আমি হলে নিজেকে নিরাপদ মনে করছি না। অভিযুক্তরা হলে থাকলে নিরাপত্তার কারণে আমাকে হল ছাড়ার সিদ্ধান্ত নিতে হতে পারে।’
অভিযোগের বিষয়ে অভিযুক্ত মোনালিসা মিতা নূর বলেন, ‘আমরা প্রক্টর স্যারের সঙ্গে কথা বলেছি। আমরা জাস্ট ফান করছি জিনিসটা। কারণ ও ভয় পায়, এটা জেনেই আমরা জাস্ট ফান করছি।’ অন্যদিকে, তাহরিমা আক্তার ওমি বলেন, ‘আমরা ওর সঙ্গে একটু মজা করেছি। ব্যাপারটা এত বড় হবে, একচুয়ালি এটা আমরা ধারণাই করতে পারিনি।’
এ বিষয়ে বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. ফিরোজা আক্তার খানম বলেন, ‘এ ব্যাপারে দুই পক্ষকেই ডেকেছি এবং এটার সলিউশন করে আমি আপনাকে বলতে পারব।’ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন বলেন, ‘যাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে, তাদের ডাকব।’
বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করে দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।
অনলাইন ডেক্স 




















