বিএনপি কর্মী হত্যা মামলায় — বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরবি) অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম আবুল হাসানকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বুধবার (২৫ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি সূত্রে এ তথ্য জানা যায়।
ডিবি সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ৮টার দিকে ডিবি পুলিশের উত্তরা বিভাগের একটি দল এসআরবি-১৪ এর কার্যালয় থেকে আবুল হাসানকে আটক করে ঢাকায় নিয়ে আসে। পরে তাকে ২০২২ সালের রাজধানীর পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আবুল হাসান এসআরবি-১৪ ব্যাটেলিয়নের ভৈরব ক্যাম্পের কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন।
মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপি একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করেছিল। এর আগে ৭ ডিসেম্বর ডিএমপির কর্মকর্তারা বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালান। অভিযানে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটে, যার ফলে মকবুল হোসেন নামের এক কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
এই ঘটনায় গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান নামের এক ব্যক্তি শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা করেন। এজাহারে ১৭১ নম্বর আসামি হিসেবে আবুল হাসানের নাম উল্লেখ করা হয়েছে।
গ্রেপ্তার আবুল হাসান ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। ২০২৪ সালের ৫ আগস্টের আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পরে তাকে এসআরবিতে বদলি করা হয়।
ডিবি সূত্রে আরও জানা গেছে, ১৯ নভেম্বর ছাত্রলীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি চলাকালে মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায়ও আবুল হাসানের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এই ঘটনায় থানার ভবন পুড়ে যায়।
অনলাইন ডেক্স 





















