বদলির পর সরকারি বাসা — ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি হওয়ার পরও সরকারি বাসা দখলে রাখলে কর্মকর্তাদের কাছ থেকে দ্বিগুণ হারে বাড়িভাড়া আদায় করা হবে। এ বিষয়ে সরকারি আবাসন পরিদফতর নির্দেশনা দিয়েছে।
সরকারি আবাসন পরিদফতরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সরকারি আবাসন পরিদফতরের আওতায় বাসা বরাদ্দ পেয়ে থাকেন। তবে, দাফতরিক প্রয়োজনে বদলি হওয়ার পর অনেক কর্মকর্তা-কর্মচারী পরিদফতরকে বদলির তথ্য জানাতে ব্যর্থ হন। কিছু কর্মকর্তা-কর্মচারী বদলির পরও সরকারি বাসার দখল ছাড়েন না, যা বাংলাদেশ বরাদ্দ বিধিমালা-১৯৮২-এর পরিপন্থি।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি হওয়ার পরও যদি কেউ অনুমোদিতভাবে সরকারি বাসায় অবস্থান করেন, তাহলে নির্দিষ্ট সময়ের পর তাদের জন্য দ্বিগুণ হারে বাড়িভাড়া ভাতা নির্ধারণ করা হবে।
অনেক কর্মকর্তা-কর্মচারী দ্বিগুণ হারে বাড়িভাড়া ভাতা আদায়ের বিষয়টি জানেন না বলে দাবি করেন। তারা অনুমোদিত অবস্থানের কারণে ধার্য করা দ্বিগুণ ভাড়া মওকুফের আবেদন করেন। তবে, বিধি অনুযায়ী অনুমোদিত অবস্থানের কারণে দ্বিগুণ ভাড়া মওকুফ করার এখতিয়ার পরিদফতরের নেই।
বাংলাদেশ বরাদ্দ বিধিমালা-১৯৮২-এর ১৫(২) উপবিধি অনুযায়ী, বরাদ্দ পাওয়া সরকারি কর্মচারী চাকরি থেকে বরখাস্ত, অপসারণ, চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ শেষ, পদত্যাগ, বদলি, বিদেশে প্রেষণে নিয়োগ অথবা অবসর গ্রহণের দুই মাসের মধ্যে সরকারি বাসার দখল ছেড়ে দিতে হবে।
একই বিধিমালার ১৫(৩) উপবিধিতে বলা হয়েছে, বরাদ্দ পাওয়া কর্মচারীর বরখাস্ত, অপসারণ, পদত্যাগ, অবসর গ্রহণ বা বদলির ক্ষেত্রে সন্তানের লেখাপড়ার কারণে সরকারি বাসার বরাদ্দ বহাল রাখা একান্ত প্রয়োজন হলে তা ছয় মাস পর্যন্ত বহাল রাখার বিষয়টি সরকারের ইচ্ছাধীন থাকবে।
এছাড়া, বিধিমালার ১৯(১) উপবিধি অনুযায়ী, অনুমোদিত দখলের ক্ষেত্রে জাতীয় বেতন স্কেল অনুসারে সংশ্লিষ্ট কর্মচারীর প্রাপ্য বাড়িভাড়া ভাতার দ্বিগুণ হারে সরকারি বাসার ভাড়া নির্ধারণ করতে হবে।
সরকারি আবাসন পরিদফতর বিজ্ঞপ্তিতে উল্লেখিত বিধি যথাযথভাবে অনুসরণ করে সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের এ বিষয়ে নির্দেশনা দিতে সংশ্লিষ্টদের বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।
অনলাইন ডেক্স 






















