বরুড়ার পাঁচ কলেজের পাসের — কুমিল্লার বরুড়ার পাঁচটি কলেজে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় ৩০ শতাংশ শিক্ষার্থীও পাস করতে পারেনি। ফলাফলের এই অবস্থা নিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষদের তলব করেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বোর্ডের জরুরি সভায় তাদের সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শো-কজ নোটিশ পাওয়া পাঁচটি প্রতিষ্ঠান হলো খোশবাস উচ্চ বিদ্যালয় ও কলেজ, পয়ালগাছা ডিগ্রি কলেজ, আগানগর কলেজ, আড্ডা ডিগ্রি কলেজ এবং ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজ।
বোর্ডের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এসব প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে কম পাসের হার খোশবাস উচ্চ বিদ্যালয় ও কলেজে, যেখানে পাসের হার ১৩ দশমিক ৫১ শতাংশ। অন্যদিকে, পয়ালগাছা ডিগ্রি কলেজে ১৮ দশমিক ৭১, আগানগর আদর্শ কলেজে ১৯ দশমিক ৪৬, আড্ডা ডিগ্রি কলেজে ২৪ দশমিক ০৭ এবং ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজে ২৭ দশমিক ৬২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৩০ শতাংশের নিচে থাকায় বোর্ডের অধীন মোট ৭৯টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শো-কজ করা হয়েছে। এর মধ্যে কুমিল্লা জেলার ৩১টি, নোয়াখালীর ১৫টি, চাঁদপুরের ১৩টি, লক্ষ্মীপুরের ১১টি, ব্রাহ্মণবাড়িয়ার পাঁচটি এবং ফেনীর চারটি প্রতিষ্ঠান রয়েছে।
শোকজ নোটিশে উল্লেখ করা হয়েছে, ৩০ শতাংশের কম শিক্ষার্থী পাস করায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কেন বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে না, তা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে লিখিত জবাব দিতে হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষদের গত পাঁচ বছরের প্রশাসনিক ও একাডেমিক নথিপত্রসহ মঙ্গলবার সকাল ১০টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অডিটোরিয়ামে উপস্থিত হতে বলা হয়েছে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ বলেন, ফলাফল বিপর্যয়ের কারণ জানতে বোর্ডের অধীন ৭৯টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শো-কজ করা হয়েছে। প্রতিষ্ঠানপ্রধানদের লিখিত জবাবের পাশাপাশি সরাসরি কথা বলার জন্য মঙ্গলবার বোর্ডে তলব করা হয়েছে।
তিনি আরও বলেন, কী কারণে এসব প্রতিষ্ঠানের ফলাফল খারাপ হয়েছে এবং কীভাবে ফলাফল আরও ভালো করা যায়, সে বিষয়ে প্রতিষ্ঠানপ্রধানদের মতামত নেওয়া হবে। তবে কারও জবাব সন্তোষজনক না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অনলাইন ডেক্স 
























