ব্যাংক খাতের সংস্কার পরিকল্পনা — বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংকিং খাতের সংকট কাটাতে চার বছরের একটি সংস্কার পরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনার লক্ষ্য হলো দীর্ঘদিনের অনিয়ম, ঋণ জালিয়াতি এবং সুশাসনের অভাবের কারণে সৃষ্ট সমস্যাগুলো সমাধান করা। কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণের পরিস্থিতিতে উল্লেখযোগ্য অগ্রগতি হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, ব্যাংকিং খাতের প্রকৃত আর্থিক অবস্থা নিরূপণ করতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতিতে সম্পদমান পর্যালোচনা (অ্যাসেট কোয়ালিটি রিভিউ—একিউআর) কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর জন্য এই কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, একিউআর কার্যক্রমের মাধ্যমে ব্যাংকগুলোর ঋণের প্রকৃত অবস্থা এবং সম্পদের গুণগত মানের অবনতি চিহ্নিত করা হচ্ছে। এতে দেখা যাচ্ছে, খেলাপি ঋণের হারসহ বিভিন্ন আর্থিক সূচকে যে পরিবর্তন ঘটছে, তা সাম্প্রতিক দুই বছরের কর্মকাণ্ডের ফল নয়; বরং দীর্ঘ সময় ধরে জমে থাকা অনিয়ম ও দুর্বলতার প্রতিফলন।
বাংলাদেশ ব্যাংক মনে করে, ব্যাংকিং খাতের প্রকৃত চিত্র প্রকাশ এবং সমস্যাগুলো চিহ্নিত না করে কার্যকর সংস্কার সম্ভব নয়। তাই বিদ্যমান দুর্বলতা আড়াল না করে সেগুলোর সমাধানে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, চলমান সংস্কার কার্যক্রমের ফলে ২০২৬ সালের মধ্যে খেলাপি ঋণ পরিস্থিতিতে উল্লেখযোগ্য অগ্রগতি হবে।
সংকটে থাকা ব্যাংকগুলোর কার্যক্রম সচল রাখতে জরুরি ভিত্তিতে তারল্য সহায়তা ও গ্যারান্টি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে আমানতকারীদের স্বার্থ সুরক্ষার পাশাপাশি ব্যাংকগুলোর স্বাভাবিক লেনদেন অব্যাহত রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এছাড়া, ব্যাংকগুলোর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনিক পরিবর্তন আনা হয়েছে। এর অংশ হিসেবে পরিচালনা পর্ষদ পুনর্গঠন, স্বতন্ত্র ও উপযুক্ত পরিচালক নিয়োগ এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা পরিবর্তনের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের মতে, এসব উদ্যোগের উদ্দেশ্য শুধু সাময়িক সংকট মোকাবিলা নয়; বরং ব্যাংকগুলোর পরিচালনা ও ব্যবস্থাপনায় জবাবদিহি নিশ্চিত করা এবং ভবিষ্যতে অনিয়মের পুনরাবৃত্তি ঠেকানো।
বাংলাদেশ ব্যাংক প্রতিটি ব্যাংকের জন্য পৃথক পুনরুদ্ধার ও পুনর্গঠন পরিকল্পনা তৈরি করেছে। এসব পরিকল্পনায় নতুন মূলধন জোগান, আর্থিক ও প্রাতিষ্ঠানিক পুনর্গঠন, করপোরেট সুশাসন জোরদার এবং পুরোনো খেলাপি ঋণ ও ঝুঁকিপূর্ণ সম্পদ ব্যবস্থাপনার বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী, ব্যাংকগুলোর আর্থিক দুর্বলতা কাটানোর পাশাপাশি ভবিষ্যতে যাতে একই ধরনের সংকট তৈরি না হয়, সে জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো হবে।
দীর্ঘমেয়াদে ব্যাংকিং খাতকে স্থিতিশীল ও ঝুঁকি মোকাবিলায় সক্ষম করতে আমানত সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি খেলাপি ঋণ আদায়, ঋণ বিতরণে কঠোর নজরদারি, ঝুঁকি ব্যবস্থাপনায় শৃঙ্খলা এবং আর্থিক খাতের নীতিগত ও কাঠামোগত সংস্কার করা হবে।
বাংলাদেশ ব্যাংক সম্প্রতি দেশের ব্যাংকিং খাতের পরিস্থিতি নিয়ে নেতিবাচক প্রচারণা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে এ অবস্থান তুলে ধরেছে। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় বাস্তবভিত্তিক সংস্কার, কার্যকর তদারকি ও সুশাসন প্রতিষ্ঠার কোনও বিকল্প নেই।
অনলাইন ডেক্স 
























