পার্বত্য চট্টগ্রামে নারী পাচার — পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলায় বিয়ের প্রলোভন, চাকরি ও উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে নারী ও কন্যাশিশুদের পাচারের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে এই তিন জেলায় মানব পাচারের ৭৩০টির বেশি ঘটনা নথিভুক্ত হয়েছে।
গবেষণার তথ্য অনুযায়ী, খাগড়াছড়িতে প্রায় ৪০০, রাঙ্গামাটিতে ৩০০ এবং বান্দরবানে ৩০টি ঘটনা ঘটেছে। তবে সামাজিক কলঙ্ক ও গোপনীয়তার কারণে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে মনে করা হচ্ছে। সোমবার (২৩ নভেম্বর) খাগড়াছড়ি সদর উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত মানবপাচার বিষয়ক অ্যাডভোকেসি ও মিডিয়া ক্যাম্পেইনে এই তথ্য উপস্থাপন করা হয়।
গবেষণাপত্রে বলা হয়েছে, পাচারকারী চক্র নারীদের টার্গেট করছে প্রতারণামূলক বিয়ে, চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে। এই প্রক্রিয়ায় আত্মীয়-স্বজন ও পরিচিতজনের মাধ্যমে যোগাযোগের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম যেমন ফেসবুক, উইচ্যাট ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করা হচ্ছে। গবেষণায় উল্লেখ করা হয়েছে যে, জন্মনিবন্ধন, নাম, বয়স ও অভিভাবকের তথ্য পরিবর্তনের মতো অনিয়মও ঘটছে।
দারিদ্র্য, বেকারত্ব, ভূমিসংকট, শিক্ষার সীমিত সুযোগ, লিঙ্গবৈষম্য এবং প্রাতিষ্ঠানিক সুরক্ষার দুর্বলতা পাহাড়ি নারী ও তরুণীদের পাচারের ঝুঁকি বাড়াচ্ছে। বিদেশে উন্নত জীবনের আশ্বাস দেওয়া হলেও পাচারের শিকার অনেক নারী সেখানে গিয়ে গৃহস্থালি শ্রমে বাধ্য হচ্ছেন এবং যৌন ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া সুলতানা বলেন, চীনে অবস্থানরত অনেক নারী বৈষম্য ও মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছেন। তিনি মানব পাচার প্রতিরোধে সংশ্লিষ্ট আইন বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট সৃজনী ত্রিপুরা বলেন, মানব পাচারের ঘটনায় মামলা হলেও অনেক ক্ষেত্রে বাদীরা পরে আপস-মীমাংসায় চলে যান, যা অপরাধীদের পার পেয়ে যাওয়ার সুযোগ দেয়। তিনি পাচারের শিকার হয়ে দেশে ফিরে আসা নারীদের অভিজ্ঞতা নিয়ে গবেষণা করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুষ্মিতা খীসা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন কিংবা আবেগঘন পোস্ট দেওয়া তরুণীরাও পাচারকারীদের লক্ষ্যবস্তু হতে পারেন। এ বিষয়ে তরুণীদের মধ্যে সচেতনতা বাড়ানোর প্রয়োজন রয়েছে।
সভাপতির বক্তব্যে তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা মানব পাচার প্রতিরোধে সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উল্লাস ত্রিপুরা, কেএমকেএসের নির্বাহী পরিচালক গীতিকা ত্রিপুরা ও কারবারি অঞ্জলি ত্রিপুরা। সঞ্চালনা করেন এম্পাওয়ারমেন্ট প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী শাশ্বতী দেওয়ান।
গবেষণাটি খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলায় গুণগত ও অংশগ্রহণমূলক পদ্ধতিতে পরিচালিত হয়। এতে ৩৪ জন প্রাথমিক উত্তরদাতার সাক্ষাৎকার, পাঁচজন গুরুত্বপূর্ণ তথ্যদাতার সাক্ষাৎকার, তিনটি দলীয় আলোচনা, ১০টি বিস্তারিত কেস স্টাডি, ১৫ জনের অংশগ্রহণে একটি যাচাই কর্মশালা এবং ২০-৩০টি নথি পর্যালোচনা করা হয়।
গবেষণায় মানব পাচার প্রতিরোধে জনগোষ্ঠীভিত্তিক সচেতনতা বৃদ্ধি, নারীদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন, বিদেশি নাগরিকের সঙ্গে বিয়ে নিবন্ধনে যাচাই-বাছাই জোরদার, পাচারের শিকার ব্যক্তিদের আইনি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত, আন্তঃদেশীয় সহযোগিতা এবং নির্ভরযোগ্য তথ্যভান্ডার গড়ে তোলার সুপারিশ করা হয়েছে।
সিএসও-সিবিও নেটওয়ার্কের আয়োজনে এবং তৃণমূল উন্নয়ন সংস্থার এম্পাওয়ারমেন্ট প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত এ ক্যাম্পেইনে স্থানীয় জনপ্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
অনলাইন ডেক্স 























