সিলেটে বিজিবি ও এসআরবির — সিলেটের জৈন্তাপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) যৌথ অভিযানে ১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও ৭টি নেশাজাতীয় এস্কার্ফ সিরাপ উদ্ধার করেছে। এই অভিযানটি রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত হয়।
জৈন্তাপুর উপজেলার শ্রীপুর পিকনিক স্পট এলাকায় পরিত্যক্ত অবস্থায় এসব বিস্ফোরক ও সিরাপ উদ্ধার করা হয়। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা যায়, শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১২৮০/১-এস ও ১২৮০/২-এসের মধ্যবর্তী স্থান থেকে প্রায় ৪০০ গজ অভ্যন্তরে শ্রীপুর পিকনিক স্পট ঘেরাও করা হয়। পরে বিজিবির ডগ স্কোয়াডের সহায়তায় তল্লাশি চালিয়ে ১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও ৭ বোতল এস্কার্ফ সিরাপ উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, চলতি বছর সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বিভিন্ন অভিযান পরিচালনা করে ১০টি অবৈধ অস্ত্র, ৪৮ রাউন্ড গোলাবারুদ, ১৯টি প্লাস্টিক বিস্ফোরক, ৫০টি পাওয়ার জেল বিস্ফোরক, ৪৮টি ডেটোনেটর ও ৫৯ ফুট ডেটোনেটর কর্ড উদ্ধার করেছে।
এ বিষয়ে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমদ বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের চোরাচালান প্রতিরোধ এবং অনুপ্রবেশ রোধে বিজিবির কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় সব ধরনের অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে বিজিবি ও এসআরবির সমন্বয়ে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত ও আশপাশের এলাকায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে বিজিবি।
এ ধরনের অভিযানগুলোর মাধ্যমে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি অবৈধ কার্যক্রম প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই উদ্যোগে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরে আসছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারে বিজিবি ও এসআরবির যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনলাইন ডেক্স 






















