ফাঁসিয়াখালীর সুন্দরীগাছ হারানো বনভূমির — কক্সবাজারের চকরিয়া উপজেলা সদর থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ধরে প্রায় আট কিলোমিটার দক্ষিণে অবস্থিত ফাঁসিয়াখালীর ছিড়াপাহাড় মসজিদের পাশে দাঁড়িয়ে আছে দুটি সুন্দরীগাছ। একসময় এখানে ছিল বিস্তীর্ণ বনভূমি, যা এখন হারিয়ে গেছে। তবে এই গাছ দুটি এখনও প্রকৃতির ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে।
দূর থেকে দেখলে মনে হবে, দুটি আলাদা গাছ পাশাপাশি বেড়ে উঠেছে। কিন্তু কাছে গেলে দেখা যায়, তাদের শেকড় একটি। একই গোড়া থেকে দুটি কাণ্ড আলাদা হয়ে আকাশের দিকে ছড়িয়ে পড়েছে। চারপাশের সবুজ ধানখেতের মধ্যে গাছ দুটির উপস্থিতি প্রকৃতির এক নিখুঁত ছবি তুলে ধরে।
সুন্দরীগাছগুলো চকরিয়ার হারিয়ে যাওয়া সুন্দরবনের স্মৃতি বহন করছে। একসময় এই অঞ্চলে ম্যানগ্রোভ বা শ্বাসমূলীয় বন ছিল, যা বিভিন্ন প্রজাতির গাছপালা, জলাভূমি ও প্রাণীর আবাসস্থল হিসেবে পরিচিত ছিল। উপকূলের পরিবেশগত ভারসাম্য রক্ষায় এসব বন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত।
কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষের প্রয়োজন ও কর্মকাণ্ডের কারণে বনভূমির জায়গায় কৃষিজমি, বসতি ও যোগাযোগ অবকাঠামো গড়ে উঠেছে। ফলে হারিয়ে গেছে বনভূমির অনেক পরিচিত দৃশ্য। ফাঁসিয়াখালীর এই সুন্দরীগাছ দুটি যেন অতীতের সঙ্গে বর্তমানের একটি যোগসূত্র।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ চলাচল করেন। তাদের অনেকের চোখে পড়ে ধানখেতের মাঝখানে দাঁড়িয়ে থাকা গাছ দুটি। বিশেষ করে গাছ দুটির গোড়া একই, অথচ কাণ্ড দুটি আলাদা হয়ে বেড়ে ওঠার বিষয়টি অনেকের কাছে বিস্ময়কর।
স্থানীয় পথচারী কামরুল সোহাগ বলেন, “এই রাস্তা দিয়ে চলাচলের সময় গাছ দুটি প্রায়ই চোখে পড়ে। ধানখেতের মাঝখানে এমন সুন্দর গাছ দেখতে ভালো লাগে।” আলাউদ্দিন ফাহিম নামের আরেক পথচারী বলেন, “চকরিয়ায় একসময় সুন্দরবন ছিল বলে শুনেছি। এখন সেই বন আর নেই। কিন্তু এই গাছগুলো দেখলে পুরোনো দিনের কথা মনে পড়ে।”
ফরহাদ হোসেন নামের একজন যাত্রী বলেন, “মহাসড়ক ও রেললাইনের মাঝখানে গাছ দুটি আলাদা সৌন্দর্য তৈরি করেছে। চারপাশে সবুজ ধানখেত, মাঝখানে বড় গাছ। দৃশ্যটি দেখলে মন ভালো হয়ে যায়।”
প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক কেবল প্রয়োজনের নয়, অস্তিত্বেরও। একটি পুরোনো গাছ তার ছায়া, অক্সিজেন কিংবা পরিবেশগত ভূমিকার বাইরেও একটি এলাকার ইতিহাস ও স্মৃতি ধারণ করে। বিশেষ করে সুন্দরীর মতো ম্যানগ্রোভ প্রজাতির গাছ উপকূলীয় প্রকৃতির গুরুত্বপূর্ণ অংশ।
ফাঁসিয়াখালীর এই গাছ দুটি তাই সাধারণ বৃক্ষ হিসেবে দেখার সুযোগ নেই। স্থানীয় বন বিভাগ চাইলে গাছ দুটি সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারে। গাছের গোড়া ও শেকড়ের চারপাশ যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সে ব্যবস্থাও নেওয়া জরুরি।
এলাকাবাসীর মধ্যে গাছ দুটি সংরক্ষণে সচেতনতা তৈরি করা প্রয়োজন। গাছের পাশে ময়লা ফেলা, গোড়ার মাটি কেটে ফেলা কিংবা অন্য কোনোভাবে ক্ষতি করা থেকে বিরত থাকতে হবে। প্রয়োজনে গাছ দুটির পরিচিতি তুলে ধরে একটি ছোট তথ্যফলক স্থাপন করা যেতে পারে।
চকরিয়ার হারিয়ে যাওয়া বনভূমি হয়তো আর আগের মতো ফিরে আসবে না। তবে অতীতের কিছু স্মারক এখনো রয়ে গেছে। ফাঁসিয়াখালীর এই একজোড়া সুন্দরীগাছ তেমনই একটি স্মারক। গাছ দুটির পেছনে যে হারিয়ে যাওয়া একটি বনভূমির গল্প রয়েছে, তা হয়তো অনেকেরই জানা নেই।
একটি শেকড় থেকে জন্ম নেওয়া দুটি কাণ্ড যেন একই গল্পের দুই অধ্যায়। একদিকে হারিয়ে যাওয়া চকরিয়ার সুন্দরবন, অন্যদিকে তার অস্তিত্বের শেষ স্মৃতি আঁকড়ে ধরে থাকা সবুজ প্রকৃতি। বন হারিয়ে গেছে, বদলে গেছে চারপাশ। তবু গাছ দুটি এখনো দাঁড়িয়ে আছে, নীরবে সাক্ষ্য দিচ্ছে চকরিয়ার এক হারানো প্রাকৃতিক ঐতিহ্যের।
অনলাইন ডেক্স 























