আসন্ন ইউপি নির্বাচনের জন্য — আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন (ইসি) রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে। চলতি মাসের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিন দিনব্যাপী এ সংলাপ অনুষ্ঠিত হবে বলে ইসির শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন।
নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ জানান, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছে, সেসব দলের সঙ্গে এই তিনদিনের সংলাপ অনুষ্ঠিত হবে। এছাড়া পরে যেসব দল নিবন্ধন পেয়েছে তাদের সাথেও আলোচনায় বসা হবে।’
তিনি আরও বলেন, ‘ইউপি নির্বাচনের জন্য ইসির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। ২১ জানুয়ারির কমবেশি ৪৫ দিন আগেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।’
ইসি আব্দুর রহমানেল মাছউদ উল্লেখ করেন, ‘নির্বাচনে যারা প্রার্থী হবেন, তাদের আচরণবিধি মেনে চলতে হবে। ভালো নির্বাচনের জন্য সরকার, রাজনৈতিক দল, প্রার্থী এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা সমানভাবে প্রয়োজন। এই ৪টি বিষয়ের ওপর সুষ্ঠু নির্বাচন নির্ভর করে বলে আমি মনে করি।’
তিনি জানান, ইউপি নির্বাচনের আগে আইনশৃঙ্খলার বিষয়ে কেন্দ্রীয়ভাবে এবং এলাকা ভিত্তিক মিটিং অনুষ্ঠিত হবে। ইউপি নির্বাচন শুরু হলে মানুষ ভোটের দিকে ঝুঁকে পড়বে এবং উৎসবমুখর ভোটের পরিবেশ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ বিষয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এ মাসের মধ্যেই রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসতে হবে। আইনশৃঙ্খলা বিষয়েও একটি মিটিং হবে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সব কিছু সম্পন্ন করা হবে। রাজনৈতিক দলের কাছে সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়তা চাওয়া হবে।’
নির্বাচন কমিশনের এই উদ্যোগ রাজনৈতিক দলের মধ্যে সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ ধরনের সংলাপের মাধ্যমে নির্বাচনী পরিবেশ উন্নত করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।
এদিকে, নির্বাচনের তফসিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী তালিকা প্রস্তুত করতে শুরু করবে। নির্বাচনী প্রচারণা শুরু হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে এবং ভোটারদের মধ্যে আগ্রহ সৃষ্টি হবে।
নির্বাচন কমিশন আশা করছে, সংলাপের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা তৈরি হবে এবং নির্বাচনের প্রক্রিয়া আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে।
অনলাইন ডেক্স 






















