পলাতক আসামিদের গ্রেপ্তারের ঘোষণা — বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল নাসির উদ্দীন জানিয়েছেন, পলাতক বা বিতর্কিত আসামিরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাদের গ্রেপ্তার করা হবে। তিনি সোমবার (২৩ নভেম্বর) সকালে ময়মনসিংহে বিজিবি সেক্টর সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।
কর্নেল নাসির উদ্দীন বলেন, বিজিবি দেশের সীমান্তের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সতর্ক রয়েছে। তিনি জানান, সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ ও বের হওয়া প্রতিরোধে বিজিবি পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ তৎপরতা প্রতিরোধে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
তিনি স্পষ্ট করে বলেন, “কোনো বিতর্কিত পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে।” ময়মনসিংহ সেক্টরের আওতায় প্রায় ২৪৩ কিলোমিটার সীমান্ত রয়েছে, যেখানে তিনটি ব্যাটালিয়নের সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।
সেক্টর কমান্ডার জানান, অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সীমান্তে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ৫০টির বেশি সিসিটিভি ক্যামেরা, ২০টির বেশি সার্চলাইট, নাইট ভিশন ডিভাইস ও ড্রোন ব্যবহার করা হচ্ছে। নতুন করে ৬৫টি সিসিটিভি ক্যামেরা ও ৩৩টি সার্চলাইট স্থাপনের কাজ চলছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হালুয়াঘাট ও নেত্রকোনার মহেশখালী সীমান্ত এলাকায় বিজিবি কিছু সম্ভাব্য তৎপরতা সম্পর্কে তথ্য পেয়েছে। তবে এসব তথ্য যাচাইয়ের জন্য গোয়েন্দা নজরদারি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করা হচ্ছে। এখন পর্যন্ত সন্দেহজনক কোনো তৎপরতা তাদের নজরে আসেনি।
তিনি আরও জানান, কোনো তথ্যকেই অবহেলা করা হচ্ছে না। প্রতিটি তথ্য অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ডিজিএফআই ও এনএসআইয়ের সঙ্গে সমন্বয় করে যাচাই করা হচ্ছে। তথ্য পাওয়ার পর মাঠপর্যায়ে অনুসন্ধান চালিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুশইন ও মানবপাচার প্রতিরোধে বিজিবির সাফল্যের তথ্য তুলে ধরে কর্নেল নাসির উদ্দীন জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ময়মনসিংহ সেক্টরের আওতাধীন সীমান্তে ১১টি ঘটনায় ১৪১ জনের পুশইন প্রতিরোধ করা হয়েছে। একই সময়ে চারজন মানব পাচারকারীকে আটক এবং পাচারের শিকার ১৩ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। ৫৮ জন মানবপাচারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকবিরোধী অভিযান প্রসঙ্গে তিনি বলেন, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ নভেম্বর পর্যন্ত সীমান্ত এলাকায় মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ৭০ জনকে আটক করা হয়েছে।
সীমান্ত নিরাপত্তা জোরদারে স্থানীয় জনগণ ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করে সেক্টর কমান্ডার কর্নেল নাসির উদ্দীন বলেন, অপরিচিত বা সন্দেহভাজন কাউকে চলাফেরা করতে দেখলে, অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে কিংবা সন্দেহজনক কোনো তৎপরতা চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানাতে হবে। স্থানীয় জনপ্রতিনিধি, সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের সম্মিলিত সহযোগিতায় সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা সম্ভব।
তিনি বলেন, দেশের সীমান্ত সুরক্ষা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। এ লক্ষ্যে বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।
অনলাইন ডেক্স 























