বিএনপির রিজভী বিদেশে এআই — বিদেশে বসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছবি ও নানা ধরনের মিথ্যা তথ্য তৈরির মাধ্যমে দেশে অপপ্রচার চালানোর অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দাবি করেছেন, একটি চক্র দেশে আবারও অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে। তবে তিনি আশাবাদী যে জনগণের সম্মিলিত শক্তির কাছে তাদের এই চেষ্টা সফল হবে না।
রবিবার (২২ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘চির ভাস্বর শহীদ জিয়া’ শীর্ষক একটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রকৃতি-প্রত্যয় প্রকাশনার আয়োজনে অনুষ্ঠিত এই প্রকাশনা উৎসবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক হীরা সোবাহান লিখিত বইটির মোড়ক উন্মোচন করা হয়।
রিজভী বলেন, ইউরোপ, আমেরিকা, ভারত ও ব্যাংককসহ বিভিন্ন স্থানে যারা পালিয়ে আছেন, তারা এআই প্রযুক্তির মাধ্যমে নানা ধরনের অসত্য প্রচারণা চালাচ্ছেন। তিনি অতীতে ইতিহাস ও তথ্য বিকৃতির উদাহরণ দিয়ে বলেন, একমাত্রিক রাষ্ট্রব্যবস্থা তৈরির চেষ্টা এখনও চলছে।
সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রিজভী মন্তব্য করেন, গত কয়েক দিনে নড়াইল ও ফরিদপুরের ভাঙ্গায় হরতালের নামে তাণ্ডব চালানো হয়েছে। তিনি অভিযোগ করেন, তার সঙ্গে কারাবাস করা মনির নামে এক কর্মীকে গুম করা হয়েছে এবং গোপালগঞ্জেও কয়েকজন ব্যক্তিকে গুম করে মুক্তিপণের বিনিময়ে ছাড়া হয়েছে।
বর্তমান সরকারের আইনশৃঙ্খলা রক্ষার প্রচেষ্টার প্রশংসা করে তিনি বলেন, সরকার মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তিনি অপরাধী ও সন্ত্রাসীদের গ্রেফতার করে প্রচলিত আইনের আওতায় এনে আদালতের মাধ্যমে বিচার নিশ্চিত করার দাবি জানান।
বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে রিজভী বলেন, সেই সময় রাষ্ট্রীয় ক্ষমতার দম্ভে ইতিহাস, বিজ্ঞান ও ভূগোল পর্যন্ত বদলে দেওয়ার চেষ্টা হয়েছিল। তিনি উল্লেখ করেন, প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের একটি উপন্যাস থেকে স্বাধীনতার ঘোষণা-সংক্রান্ত অধ্যায় আদালতের মাধ্যমে বাদ দিতে বাধ্য করা হয়েছিল।
গ্রন্থটির বিষয়ে রিজভী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শৈশবকাল থেকে শুরু করে শাহাদাত বরণ পর্যন্ত জীবন, কর্ম, শিশু ও তরুণদের সঙ্গে তার সম্পর্ক এবং রাষ্ট্র পরিচালনার নানা দিক এই বইয়ে তুলে ধরা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, অধ্যাপক হীরা সোবাহানের গবেষণাধর্মী কাজ নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে সহায়তা করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপারনিউমারারি অধ্যাপক ও বৌদ্ধতত্ত্ববিদ সুকোমল বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক নিয়াজ আহমেদ চৌধুরী, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার এবং কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. হাবীবুর রহমান।
গ্রন্থটির ওপর আলোচনা করেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক জি এম শফিউর রহমান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বইটির লেখক অধ্যাপক হীরা সোবাহান।
অনলাইন ডেক্স 






















