মতলব উত্তরে বৃষ্টির কারণে — চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মাঠজুড়ে সোনালি ধানের সমারোহ দেখা যাচ্ছে। কৃষকরা পাকা ধান কাটার প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু গত ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল থেকে শুরু হওয়া বৃষ্টির কারণে তাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। মাঠের পাকা ও কাটা ধান ভিজে যাওয়ার আশঙ্কায় তারা দুশ্চিন্তায় রয়েছেন।
বৈরি আবহাওয়ার কারণে কৃষকদের দ্রুত ফসল ঘরে তোলার তাড়া রয়েছে, অন্যদিকে ফসলের ক্ষতির শঙ্কা তাদের উৎকণ্ঠিত করছে। উপজেলা বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, মাঠে থাকা পাকা ও আধাপাকা আমন ধান নুয়ে পড়েছে। নিচু জমিতে পানি জমে যাওয়ায় ধান কাটা ও মাড়াই নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
সদ্য রোপণ করা সবজি ক্ষেত এবং বোরো বীজতলায় পানি জমে যাওয়ার কারণে শিকড় ও বীজ পচে যাওয়ার আশঙ্কা করছেন চাষিরা। কিছু কিছু জায়গায় অধিক লাভের আশায় রোপণ করা ভুট্টা এখন পানি জমে নষ্ট হওয়ার উপক্রম। জমিতে পড়ে থাকা কাটা ধান এবং পাকা ফসল নিয়ে উদ্বেগ বাড়ছে। সময়মতো রোদ না মিললে ধানের রং নষ্ট হওয়া, অঙ্কুরোদগম ও গুণগত মান কমে যাওয়ার শঙ্কা রয়েছে।
কৃষকরা জানান, আমন ফসল গ্রামীণ অর্থনীতির অন্যতম প্রধান অবলম্বন। এ ফসল ঘরে তোলার মাধ্যমে কৃষকের সারা বছরের খাদ্যনিরাপত্তা ও পারিবারিক ব্যয়ের বড় একটি অংশ নিশ্চিত হয়। তাই বৈরী আবহাওয়ার শঙ্কা কাটিয়ে কষ্টে ফলানো সোনালি ফসল নিরাপদে গোলায় তোলার অপেক্ষায় রয়েছেন তারা।
মতলব উত্তর উপজেলা কৃষি অফিসের তথ্যানুযায়ী, চলতি মৌসুমে উপজেলায় ৯ হাজার ৭০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এসব জমি থেকে তিন লাখ ২৭ হাজার ২৩০ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্য রয়েছে।
উপজেলার মাঠজুড়ে সোনালি ধানের ছাড়াছড়ি দেখা যাচ্ছে। কৃষকরা পাকা ধান কাটার শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি লাউ, মিষ্টি আলু, বেগুন, আলু, করলাসহ বিভিন্ন জাতের শীতকালীন সবজি রোপণ ও বোরো ধানের বীজতলা তৈরির কাজও চলছিল। কিন্তু হঠাৎ টানা বৃষ্টির কারণে কৃষকরা বিপাকে পড়েছেন।
সুলতানাবাদ ইউনিয়নের দাসের বাজার গ্রামের কৃষক মো. আতর আলী বলেন, “এ বছর প্রায় এক একর জমিতে আমন ধানের আবাদ করেছি। ফলন খুব ভালো হয়েছে। বৃষ্টির কারণে ধান ঠিকমতো ঘরে তুলতে পারব কিনা, তা নিয়ে চিন্তায় আছি।”
স্থানীয় কৃষকরা জানান, বৈরী আবহাওয়ার পাশাপাশি বাজারে ধানের ন্যায্যমূল্য না পাওয়া ও কৃষি শ্রমিকের সংকটে তারা চাপের মধ্যে রয়েছেন। সব মিলিয়ে উৎপাদন খরচ তোলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
ইসলামাবা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষক আজিজ মিয়া বলেন, “অধিক লাভের আশায় আগাম ভুট্টা চাষ করেছিলাম কিন্তু এখন বৃষ্টির পানি জমে সেগুলো নষ্ট হওয়ার পথে।”
বাগানবাড়ি ইউনিয়নের কৃষক মতিন সরকার জানান, “মৌসুমের শুরুতেই লাউ, বেগুন, আলু, ফরাস শিম ও করলার চারা লাগিয়ে ছিলাম। বৃষ্টিতে সবজি ক্ষেতের বড় ক্ষতি হয়ে গেল।”
দুর্গাপুর ইউনিয়নের হরিনারগ্রামের কৃষক মালিক মিয়া ও ময়না মিয়া জানান, “প্রতিবছর ১৫ থেকে ২০ বিঘা জমিতে বোরো ধান আবাদ করি। বোরো ধানের বীজতলা তৈরি করে বীজ ফেলার পরপরই বৃষ্টি শুরু হওয়ায় সব বীজ পচে যাওয়ার উপক্রম হয়েছে।”
ফরাজিকান্দি ইউনিয়নের সরদার কান্দি গ্রামের কৃষকরা বলেন, “মাঠের পাকা ধান সময়মতো ঘরে তুলতে না পারলে ফসল ও গুণগত মান-দুটোই নষ্ট হবে। বৃষ্টির কারণে নুয়ে পড়া ধান কম্বাইন হারভেস্টার মেশিন দিয়েও কাটা যাচ্ছে না।”
উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী বলেন, “এ বছর উপজেলায় আমন ধানের আবাদ খুবই ভালো হয়েছে এবং ফসল কাটা চলমান রয়েছে। আশা করছি দুই একদিনের মধ্যেই আবহাওয়া অনুকূলে ফিরে আসবে। জমিতে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা নিলে ক্ষয়ক্ষতি অনেকটাই সামাল দেওয়া যাবে এবং ক্ষয়ক্ষতি কমাতে কৃষি বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তারা কৃষকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও পরামর্শ দিচ্ছেন।”
অনলাইন ডেক্স 























