বগুড়ায় শিমু বেকারিকে ৪ — বগুড়ার বিসিক শিল্পনগরীতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারিপণ্য উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণ ফুড কালার ও ফ্লেভার ব্যবহারের দায়ে শিমু বেকারি অ্যান্ড কনফেকশনারিকে ৪ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে প্রতিষ্ঠানটির দায়ী ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল।
এর আগে শনিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বগুড়া বিসিক শিল্পনগরীতে প্রতিষ্ঠানটির কারখানায় অভিযান ও সামারি ট্রায়াল পরিচালনা করা হয়। এ সময় দণ্ডাদেশ দেন বগুড়া সদর ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট এবং বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।
অভিযানকালে কারখানাটিতে খাদ্য উৎপাদনে লেবেলবিহীন ও মেয়াদোত্তীর্ণ ফুড কালার এবং ফ্লেভার ব্যবহার করতে দেখা যায়। এ ছাড়া অন্যান্য উপকরণও লেবেল ও মেয়াদবিহীন অবস্থায় পাওয়া যায়।
কারখানার ভাঙা, অপরিষ্কার ও পিচ্ছিল মেঝেতে খাবার তৈরি, ময়লাযুক্ত কাঠের টেবিলে বেকারিপণ্য প্রস্তুত এবং অস্বাস্থ্যকর পরিবেশে মেঝেতে খাবার রেখে মোড়কজাত করার প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি পোড়া তেলে খাবার তৈরি এবং কর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি না মানার বিষয়টিও উঠে আসে।
এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৫৮ ধারায় বর্ণিত দণ্ডতফসিলের ২৯ ধারায় প্রতিষ্ঠানটিকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মো. সিদ্দিকুর রহমান এবং নমুনা সংগ্রহ সহকারী মো. মামুনুর রশিদ।
অভিযানে সার্বিক সহযোগিতা করে এসআরবি-১২ ও বগুড়া সদর থানার পুলিশের একটি দল। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অনলাইন ডেক্স 






















